নদীশাসনের কাজ পেল সেই সিনোহাইড্রো

চীনের সিনোহাইড্রো করপোরেশনই পদ্মা সেতু প্রকল্পের নদীশাসনের কাজ পেয়েছে।
গতকাল বুধবার সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিনোহাইড্রোর নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। এখন সেতু বিভাগ তাদের সঙ্গে চুক্তি করবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী বৈঠক থেকে বের হয়ে নদীশাসনকাজের দরপত্র অনুমোদনের কথা জানান।
সিনোহাইড্রোর বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ সময়মতো শেষ না করার অভিযোগ রয়েছে। বাংলাদেশের বাইরে আফ্রিকায় বিশ্বব্যাংকের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে সাময়িক কালোতালিকাভুক্ত করেছে বিশ্বব্যাংক। সেটির তদন্ত এখনো চলছে। এর পরেও বাংলাদেশ পদ্মা সেতু প্রকল্পে কাজ দিচ্ছে সিনোহাইড্রো করপোরেশনকে।
নদীশাসনকাজের জন্য সিনোহাইড্রো করপোরেশন আট হাজার ৭০০ কোটি টাকা দরপ্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়েছিল। এটিই অনুমোদন করে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নদীশাসনকাজে মোট ব্যয়ের ৩০ শতাংশ বাংলাদেশি মুদ্রায় এবং ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। সিনোহাইড্রোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার হুন্দাই কনস্ট্রাকশন কোম্পানি ১২ হাজার ১২১ এবং বেলজিয়ামের জান ডি নাল সাড়ে ১৬ হাজার ৪৩৮ কোটি টাকা দরপ্রস্তাব করেছিল।
সিনোহাইড্রোকে অনুমোদনের ফলে প্রকল্পের বড় দুটি কাজেরই দায়িত্ব পেল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে মূল সেতু নির্মাণের দায়িত্ব পায় আরেক চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। তাদের সঙ্গে চুক্তি হয়েছে ১২ হাজার ১৩৩ কোটি টাকার। দুই প্রান্তের দুটি সংযোগ সড়ক ও নির্মাণ অবকাঠামো (সার্ভিস এলাকা) নির্মাণের কাজ পেয়েছে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড। পুরো প্রকল্প চার বছরের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, বর্তমানে সিনোহাইড্রো করপোরেশন ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ১০ প্যাকেজের মধ্যে সাতটির কাজ করছে। প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি। উল্টো বাড়তি ৫১১ কোটি টাকা দাবি করেছে সরকারের কাছে। এই নিয়ে গত বছর সওজ, যোগাযোগ মন্ত্রণালয়, সিনোহাইড্রোর প্রতিনিধি ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতকে নিয়ে কয়েক দফা চারপক্ষীয় সমঝোতা বৈঠক হয়। অভিযোগ রয়েছে, ওই সব বৈঠকে পদ্মার নদীশাসনের কাজ পেলে ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ দ্রুত শেষ করার শর্ত দিয়েছিল সিনোহাইড্রো।
দরপত্র মূল্যায়ন কমিটির একটি সূত্র জানায়, পদ্মা সেতুর নদীশাসনকাজের দরপত্রে অংশ নেওয়া হুন্দাই ও জান ডি নাল আনুষ্ঠানিকভাবে সিনোহাইড্রোর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের একটি প্রকল্পের কাজের জন্য কালোতালিকাভুক্ত হয়েছিল। তাই তাদের যেন নিয়োগ না দেওয়া হয়।
সেতু বিভাগ সূত্রের দাবি, কালোতালিকাভুক্তির অভিযোগের পর মূল্যায়ন কমিটি বিশ্বব্যাংকের ওয়েবসাইট যাচাই করে তালিকায় সিনোহাইড্রোর নাম পায়নি। এরপর তারা সিনোহাইড্রোকে চিঠি দিয়ে অভিযোগের ব্যাখ্যা চায়। তখন সিনোহাইড্রো জানায়, তাদের কালোতালিকাভুক্ত করা হয়নি। তবে আফ্রিকার একটি দেশে বাস্তবায়নাধীন একটি প্রকল্প নিয়ে তদন্ত করছে বিশ্বব্যাংক। এর জন্য কালোতালিকাভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এরপর মূল্যায়ন কমিটি সিনোহাইড্রোকে নিয়োগের সুপারিশ করে। এরপর সেতু বিভাগের আইন কর্মকর্তারা যাচাই-বাছাই করে সিনোহাইড্রোকে নিয়োগের পক্ষে মত দেন। এর পরই অনুমোদনের জন্য ক্রয়সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়।
মূল্যায়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন হলেও দরপত্র-প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের নীতিমালা অনুসরণ করা হয়েছে। এ জন্যই জটিলতা তৈরি হয়েছিল।
এ বিষয়ে গতকাল ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, কোনো অভিযোগ নেই। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখেছি, এটি কালোতালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান নয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজে ধীরগতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের কারণেই দেরি হয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এগুলো সরাতে সময় লেগেছে।’
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ক্রয় কমিটির বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে পাঁচটিই সার কেনাসংক্রান্ত।