নদীশাসনের বিরোধিতা সবার, দ্বিমত পানিসম্পদমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো অনুষ্ঠানজুড়ে পরিবেশকর্মী, নদী বিশেষজ্ঞ ও গবেষকেরা নদীশাসনের বিরোধিতা করে মুক্ত প্রবাহ নিশ্চিত করার কথা বললেন। তবে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বললেন, দার্শনিক দিক থেকে অনেক আলোচনাই সম্ভব। তবে বাস্তবতা ভিন্ন। মানুষের প্রয়োজন ও দাবির কারণেই নদীশাসন করতে হয়।
গতকাল বুধবার রাজধানীর শিশু একাডেমীতে আয়োজিত ‘নদীর মুক্ত প্রবাহমানতা: জনগণের দৃষ্টিকোণ’ শীর্ষক সভায় নদীশাসন নিয়ে এই আলোচনা হয়। অ্যাকশন এইড এর আয়োজন করে। নদীপাড়ের মানুষের অভিজ্ঞতা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
মূল উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশে পানি ব্যবস্থাপনা বলতে কিছু নেই, সবকিছুই ভূমিকেন্দ্রিক। বাঁধ দিয়ে নদীকে মেরে ফেলা হচ্ছে। অথচ নদী থেকেই বাংলাদেশের সৃষ্টি এবং এর সঙ্গে এ ভূখণ্ডের অস্তিত্বও জড়িত।
পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, ‘উন্নয়নের নামে আমরা নদী ধ্বংস করছি, কিন্তু এ ভূখণ্ডে নদী বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ড. আবদুল মতিনও বাঁধ নির্মাণের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সাধারণ মানুষ নদীশাসন চায়, কারণ তারা বন্যামুক্ত থাকতে চায়। এ কারণেই নদীশাসন করতে হয়। এখানে দর্শনের সুযোগ নেই, বাস্তবতা ভিন্ন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নদীভাঙনের শিকার কিছু মানুষ তাদের দুর্দশা ও অভিজ্ঞতার কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।