নদে আড়াআড়ি ফাঁদ পেতে মাছ শিকার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে ভুবনেশ্বর নদে আড়াআড়িভাবে তিনটি ফাঁদ পেতে মাছ ধরা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের সরকারডাঙ্গি সেতুর গোড়ায়, মৌলভীরচর বাজারের পেছনে এবং দর্জির মোড় এলাকায় বাঁশ ও বানা পুঁতে তিনটি ফাঁদ দেওয়া হয়েছে। প্রতিটি ফাঁদের দৈর্ঘ্য গড়ে ৬০ থেকে ৭০ ফুট। ফাঁদগুলোর মাঝখানে জাল ও দুয়ারি পেতে মাছ ধরা হচ্ছে। সরকারডাঙ্গি সেতুর গোড়ায় আরমান সিকদার, মৌলভীরচর বাজারের পেছনে জসীম ফকির ও ইব্রাহিম শেখ এবং দর্জির মোড়ে কামাল হোসেন এই ফাঁদগুলো দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদই উপজেলায় মাছের অন্যতম উৎস। আড়াআড়িভাবে ফাঁদ পাতার কারণে সব মাছ ফাঁদে আটকা পড়ছে। ফলে সাধারণ দরিদ্র জেলেরা কোনো মাছ পাচ্ছেন না। নিজেকে আ.লীগের কর্মী পরিচয় দিয়ে কামাল হোসেন বলেন, ‘আমি এলাকার ছেলেদের নিয়ে ফাঁদ দিয়েছিলাম। যেহেতু কথা উঠেছে, সেহেতু এই ফাঁদ তুলে ফেলব।’ আরমান সিকদার দাবি করেন, তিনি ফাঁদ দেননি। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজাদ খান বলেন, যাঁরা এই ফাঁদ দিয়েছেন, তাঁরা স্থানীয় দরিদ্র ও বেকার তরুণ। উপজেলা ইউএনও মো. আবদুর রশিদ বলেন, নদী আটকে প্রবহমান ধারাকে ব্যাহত করে মাছ ধরা প্রচলিত আইনের পরিপন্থী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাঁদগুলো অপসারণ করা হবে।