নদে ঘর নির্মাণ, পেছনে আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে বড়াল নদ দখল করে দোকানঘর তৈরি করা হচ্ছে। স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের ভাই আফাজউদ্দিন ওই ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগ, নিষেধ করার পরও আফাজউদ্দিন জোরপূর্বক মিস্ত্রি নিয়োগ করে ঘর তৈরির কাজ করছেন। ইউপির চেয়ারম্যান মকবুল হোসেনের সহায়তায় তাঁর ভাই এ কাজ করছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মকবুল হোসেন সরকারি দলের নেতা হওয়ায় এলাকায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না। গত মাসের শেষের দিকে তাঁর ভাই আফাজউদ্দিন হরিপুর বাজার বেইলি সেতুর পাশে নদের জমিতে দোকানঘর তৈরির কাজ শুরু করেন। এলাকাবাসী বিষয়টি চেয়ারম্যানকে জানালেও তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বেইলি সেতুর ডানপাশে তৈরি হচ্ছে দোকানঘর। ইটের দেয়াল তুলে ওপরে টিনের চাল দেয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট দোকানঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ সমান। অর্থাৎ দুই দিকেই প্রায় ৩০ ফুট। এ পর্যন্ত নির্মাণকাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।স্থানীয় আমজাদ হোসেন জানান, বড়াল নদের এই অংশ প্রস্থে অনেক বড় ছিল। দখলের কারণে তা ছোট হয়ে গেছে। চেয়ারম্যানের ভাই যে ঘরটি তুলছেন তা নদের মধ্যে।উপজেলার ধুলাউড়ি গ্রামের সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ঘরটি নদীর জমিতে তৈরি করা হয়েছে। এ কাজে চেয়ারম্যানের ইন্ধন রয়েছে।বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বলেন, ‘ভূমিগ্রাসীদের সুবিধার্থে বাঁধ ও স্লুইসগেট দিয়ে বড়ালকে হত্যা করা হয়েছে। এখন নদে পানি থাকে না। তাই দখলদারদের দখলেও সুবিধা হয়েছে। আমি এই দখল উচ্ছেদের দাবি জানাই।’এ বিষয়ে আফাজউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন ঘর তোলার সত্যতা নিশ্চিত করে বলেন, নদ দখলের বিষয়টি সঠিক নয়। জমিটা হাটের। তিনি উপজেলা ভূমি কার্যালয় থেকে ওই জমি ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছেন।ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, ওই জমি তাঁদের আওতাধীন নয়। তাই ওই জমি ইজারা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। এমনকি কেউ জমি তাঁদের কাছ থেকে ইজারাও নেয়নি।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে দেখব। নদের জমি দখল করে ঘর তৈরি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’