নদে ডুবে নটর ডেম কলেজের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত প্রকৃতির ও মেধাবী ছাত্র হওয়ায় গ্রামের সবাই খুব ভালোবাসত আবদুল্লাহ আল মামুনকে (১৯)। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকায় নটর ডেম কলেজে ভর্তি হন তিনি। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। ঈদের দিন পরিবারের সঙ্গে মসজিদে নামাজ আদায়ের পর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন মামুন। খেলা শেষে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। গতকাল ঈদের দিন দুপুর ১২টায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে ভৈরব নদে গোসল করতে গিয়ে মৃত্যু হয় মামুনের। মামুন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মওলা বকসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, গতকাল ঈদের নামাজ শেষ করে গ্রামের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন মামুন। খেলা শেষে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা তাঁকে পানিতে খুঁজতে থাকেন। কয়েকজন পরিবারের সদস্যদের খবর দেন। পরে বেলা দুইটায় তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহত তরুণের বাবা মওলা বকস বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিল ছেলেটা। সকালে পরিবারের সবাই মিলে ঈদের নামাজ আদায় করি। খুব শান্ত স্বভাবে ছেলে মামুন। পড়ালেখাতেও খুব ভালো ছিল। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নটর ডেম কলেজে ভর্তি হয়। মেধাবী ছাত্র হওয়ায় স্কুলের শিক্ষকেরা ও গ্রামবাসী সবাই তাকে খুব ভালোবাসত।’

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, নদে ডুবে একজন ছাত্রের মৃত্যু ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।