নদে বেড়া, বন্যার আশঙ্কা
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদের বিভিন্ন অংশে বাঁশ দিয়ে নিষিদ্ধ জালের বেড়া (নেট-পাটা) দিয়ে অবাধে মাছ শিকার চলছে। এতে বর্ষা মৌসুমে উজানের পানিপ্রবাহের পাশাপাশি এলাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ২০১১ সালের মতো চলতি মৌসুমেও উপজেলায় ভয়াবহ বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদ দিয়ে উপজেলার পানি নিষ্কাশন হয়। কিন্তু উপজেলার মোবারকপুর এলাকার কপোতাক্ষ সেতুর দক্ষিণ পাশ থেকে কপিলমুনি হয়ে জেঠুয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় নদের বিভিন্ন স্থানে নেট-পাটা দেওয়া হয়েছে। ফলে এই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে তালা সদর, খলিলনগর, মাগুরা, জালালপুর, খেসরা, ইসলামকাটি ইউপির অধিকাংশ গ্রাম প্লাবিত হবে। এতে করে ২০১১ সালের মতো আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২২ জুলাই সরেজমিনে দেখা যায়, তালা কপোতাক্ষ সেতু থেকে ২০-৩০ গজ ব্যবধানে বেশ কয়েকটি নেট-পাটা রয়েছে। এভাবে নেট-পাটা দেওয়ায় স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। এতে করে কানাইদিয়া, চরকানাইদিয়া, কৃষ্ণকাটি, গুনালি, হরিশচন্দ্রকাটি গ্রামসহ কয়েকটি এলাকায় যেকোনো সময় প্লাবিত হতে পারে।কপোতাক্ষ নদে নেট-পাটা দিয়ে মাছ ধরছেন হরিদাসকাটি গ্রামের শওকত হোসেন। তিনি জানান, এলাকায় কাজ নেই। তাই বাধ্য হয়ে কপোতাক্ষে মাছ ধরার জন্য নেট-পাটা দিয়েছেন।গোনালী গ্রামের আবদুল জলিল জানান, এলাকার মানুষ মাছ ধরতে কপোতাক্ষে নেট-পাটা দিয়েছেন। নদের দুই মাথায় নেট-পাটা দিয়ে মাছ ধরার কারণে উজানের পানি ও বর্ষার পানি নিষ্কাশনে বাধা পাচ্ছে।যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, জালের বেড়া অপসারণ না করলে ২০১১ সালের মতো এবারও এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।যশোর-খুলনা-সাতক্ষীরা কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, এগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা না নিলে এলাকা প্লাবিত হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।