নদের জায়গায় কারখানা!
রংপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদ দখল করে একটি কারখানা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এর ফলে নদ সংকুচিত হয়ে যাবে। নদের গতিপথ পরিবর্তন হয়ে আবাদি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়বে বলে স্থানীয়রা মনে করছেন। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জমি কিনেছেন।জানা গেছে, ডায়মন্ড পেপার অ্যান্ড পাল্প বোর্ড মিলস কর্তৃপক্ষ বেতারপাড়ায় ঘাঘট নদের ৫০ শতাংশ খাসজমি দখল করে সেখানে কারখানা নির্মাণ করছে—এই মর্মে রাজেন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে একটি প্রতিবেদন পাঠানো হয় সদর উপজেলা ভূমি কর্মকর্তার কাছে। কিন্তু এই প্রতিবেদনের আট মাস পার হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজেন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, ‘এই জায়গায় অল্প কিছুদিন আগেও নদ ছিল। যেখান দিয়ে পানি প্রবাহ হতো। পলি পড়তে পড়তে তা ভরাট হয়ে গেছে। একসময় লোকজন আবাদ করে। নদের খাস জায়গা ৫০ শতাংশ নির্মাণাধীন কারখানার মধ্যে পড়েছে।’ ফেরদৌস আলম জানান, যেসব স্থানে মাটি ও বালু ফেলে উঁচু করা হয়েছে বা আরও কিছু অংশে মাটি ভরাটের কাজ চলছে, সেসব এলাকায়ও নদের অংশ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, নদের তীরে বিশাল এলাকা সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। পশ্চিমে নদের কোলঘেঁষে কিছু অংশ খোলা রাখা হয়েছে। সেখানে বালুর বস্তা ফেলে কারখানার সীমানা বোঝানোর চেষ্টা হয়েছে। যেখানে বালুর বস্তা ফেলা হয়েছে, সে স্থানে ঘাঘট নদ বেশ সংকুচিত হয়ে পড়েছে। ওই অংশে নদটি ৩০ থেকে ৪০ ফুটের বেশি প্রস্থ হবে না। বেতারপাড়া গ্রামের কৃষক মকসুদার রহমান বলেন, ‘একসময় হামার এই এলাকার নদী (নদ) ছিল অনেক চওড়া। এখন সেটা আর নাই। তার ওপর কারখানা হইলে বর্ষার সময় পানি ভরাট হয়া হামার জমি আরও ভাঙগি যাইবে।’ বখতিয়ারপুর গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, ‘কারখানা গড়ে তোলার কারণে এক পাশ উঁচু হওয়ায় আরেক পাশ ভাঙতে শুরু করেছে। এখন আমাদের বাড়িঘর নিয়াও চিন্তা পড়ি গেইছে।’ সদর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী রেজাউল করিম বলেন, ‘নির্মাণাধীন কারখানায় ঘাঘট নদের বেশ কিছু অংশ রয়েছে।’ ওই অংশটি সরকারি খাস জায়গা বলে মন্তব্য করেন তিনি। সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, প্রতিবেদনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। নির্মাণাধীন কারখানার স্থাপনা নদের গতিপথও পরিবর্তন করবে। এ ছাড়া আবাদি জমি ভাঙনের মুখে পড়বে। এ ধরনের স্থাপনা আইনসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি। ডায়মন্ড পেপার অ্যান্ড পাল্প বোর্ড মিলসের ব্যবস্থাপক আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে আট একর জমি কেনা হয়েছে। আমাদের জায়গায় আমরা কারখানা করছি।’ কারখানার মধ্যে সরকারি খাসজমি অর্থাৎ নদের জায়গা পড়েছে—এমন প্রশ্ন শোনে তিনি নিশ্চুপ থাকেন।