নদের পাড় ধসে নৌকাডুবি, শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের পাড় ধসে একটি ডিঙ্গি নৌকা তলিয়ে যাওয়ায় সুজন (৮) নামে এক শিশু নিখোঁজসহ একই পরিবারের চার সদস্য আহত হয়েছে। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সোনারপাড় গ্রামের আমিনুল ইসলাম (৪৫) তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে চিলমারী উপজেলার চেরারচর গ্রাম থেকে ডিঙ্গি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। চিলমারী বনগ্রাম নৌঘাটের সামান্য দক্ষিণে নদীর কিনার দিয়ে নৌকাটি যাওয়ার পথে নদীর পাড় ভেঙে নৌকার ওপর পড়ে। এতে নৌকাটি ভেঙে পানিতে তলিয়ে যায়। নৌকার সব যাত্রী নদীর পানিতে পড়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমিনুল ও তাঁর স্ত্রী সুরুজভান এবং তাঁর দুই সন্তান আলামিন ও আমিনাকে উদ্ধার করে। কিন্তু আট বছর বয়সী শিশুপুত্র সুজনকে উদ্ধার করতে পারেনি। শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। আহত অবস্থায় আমিনুল ও তাঁর স্ত্রী সুরুজভান (৩০) এবং অপর দুই সন্তান আলামিন (১০) ও আমিনাকে (১২) উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।