নদের বুকে রেস্তোরাঁ!

চারদিকে পানি। মাঝখানে কংক্রিটের খুঁটির ওপর টংঘরের আদলে টিনের ঘর। দূর থেকে দেখলে ভাসমান কোনো স্থাপনা বলে মনে হবে। আদতে একটি রেস্তোরাঁর জন্য নির্মিত স্থাপনা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পাথর আর পাহাড়ি জলপ্রবাহের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পিয়াইন নদের বুকে এভাবেই স্থাপন করা হয়েছে রেস্তোরাঁটি।
এভাবে নদের বুকে রেস্তোরাঁ স্থাপনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন বলছে, যে জায়গায় রেস্তোরাঁ করা হয়েছে, তা ব্যক্তিমালিকানাধীন দাবি করা হলেও তা নিশ্চিত নয়। এটি মূলত নদীভাঙা এলাকা। মালিকানা নিশ্চিত না হওয়া জায়গায় এ ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ।
ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের কোল থেকে নেমে আসা ছড়ার স্বচ্ছ জলরাশি পর্যটকদের জন্য বিছনাকান্দিকে আকর্ষণীয় করেছে। বিছনাকান্দিতে সারা বছরই পর্যটকদের আসা-যাওয়া থাকে। এই বর্ষা মৌসুমে পাহাড়ি ছড়ায় জলধারা প্রবল থাকায় পর্যটকদের যাতায়াত বেশি হয়।
গত শুক্রবার রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, নির্মাণকাজ চলার পাশাপাশি সেটি চালুও হয়ে গেছে। টিনের ঘরে স্থান সংকুলান না হওয়ায় সামনের কিছু অংশে বালু ফেলে বাঁশ দিয়ে আরও কয়েকটি ঘর নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ তদারক করছিলেন তিন তরুণ। তাঁরা ছয়জনের ব্যবসায়ী দল জায়গা ভাড়া নিয়ে রেস্তোরাঁ করছেন বলে জানান। তাঁদের একজন বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ আসে এখানে। আশপাশে কোনো দোকানপাট নেই। কোনো শৌচাগার বা বিশ্রামের কিছু নেই। এটি পর্যটকদের ওই সেবা দেবে।
দেখা গেল রেস্তোরাঁর দুটি কক্ষ বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটি কক্ষে রয়েছে শৌচাগার। সেটির বর্জ্য অপসারণ করতে রিং ল্যাট্রিনের সঙ্গে পাইপ নদের ঠিক মাঝখানে দেওয়া হয়েছে।
পিয়াইন নদের বুক বরাবর জায়গা কার কাছ থেকে ভাড়া নিলেনÑ এমন প্রশ্নে তিনজনই জানান, জায়গার মালিক আনোয়ার হোসেন ও তাঁর এক ভাই। তাঁরাও ব্যবসায় অংশীদার। মুঠোফোনে যোগাযোগ করলে বিছনাকান্দির বাসিন্দা আনোয়ার দাবি করেন, এটা ব্যক্তিমালিকানাধীন জায়গা। তবে ঠিক কতটুকু জায়গা ব্যক্তিমালিকানাধীন, জায়গার মালিক কেÑ এসব বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।
গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, জমিটিকে ব্যক্তিমালিকানাধীন দাবি করা হলেও নদীভাঙনের পর একাংশের তীরের জমি অনেকটা নদীগর্ভে চলে গেছে। শিকস্তি-পয়স্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এ মুহূর্তে রেস্তোরাঁ তৈরি অবৈধ।
শিকস্তি-পয়স্তি আইন (১৯৯৪ সালের সংশোধনী) অনুযায়ী ভেঙে যাওয়া জমি বা শিকস্তি হওয়া জমি ৩০ বছরের মধ্যে জেগে উঠলে বা পয়স্তি হলে মূল মালিক এ জমি ফেরত পাবেন। কিন্তু জমি জেগে ওঠার পর কালেক্টর (জেলা প্রশাসক বা তাঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব) এ জমির দখল নেবেন। পরে তিনি নকশা করে মূল মালিককে ফিরিয়ে দেবেন।
পিয়াইন নদের যে জায়গাটায় রেস্তোরাঁ করা হয়েছে, সেখানে কোনোরূপ জরিপ হয়নি বলে উপজেলা ভূমি প্রশাসন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, কোনো ধরনের বন্দোবস্ত না নিয়েই যেহেতু পিয়াইন নদে রেস্তোরাঁ স্থাপন করে জায়গার মালিকানা দাবি করা হচ্ছে, সেহেতু উপজেলা প্রশাসনের উচিত শিকস্তি-পয়স্তি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘নদী ও নদী তীরবর্তী এলাকায় কোনো দখলের বিষয় প্রশাসন দেখে। তাদের পক্ষ থেকে আমাদের কোনো পদক্ষেপ নিতে বললে তা আমরা দেখব।’