নদের মাটি বেচতে নদেই বাঁধ
ফরিদপুর সদরে কুমার নদের মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সেই মাটি ট্রাকে পরিবহনের সুবিধার্থে নদের ওপর বাঁধ দেওয়া হয়েছে। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শ্মশানঘাটসংলগ্ন শোভারামপুর এলাকায় বাঁধ দিয়ে মাটি কেনাবেচা চলছে।স্থানীয় বাসিন্দা মানোয়ার হোসেন জানান, দিন পনেরো আগে নদে আড়াআড়িভাবে এ বাঁধ দেওয়া হয়। এটি দৈর্ঘ্যে ২৫০ ও প্রস্থে ১২ ফুট। নদে পানি থাকলেও এদিকে নৌকা চলে না।ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কাউকে নদের ওপর বাঁধ দিয়ে মাটি কাটতে দেওয়া হবে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বাঁধ অপসারণ করব।’২১ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, শোভারামপুর এলাকায় কুমার নদ দুটি ধারায় বিভক্ত হয়েছে। একটি ধারা মদনখালী হয়ে শহরের মধ্য দিয়ে গোপালগঞ্জের সেনদিয়াঘাটের দিকে চলে গেছে। অপরটি অম্বিকাপুর ইউনিয়ন ও বাহিরদিয়া হয়ে কানাইপুরের দিকে চলে গেছে। কানাইপুরের দিকে নদের যে শাখা গেছে, সেটির উৎসমুখে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়েছে। এর পশ্চিম পাড়ের মাটি কেটে ট্রাকে করে পূর্ব পাড়ে আনতে বাঁধ তৈরি করা হয়েছে। এ মাটি আশপাশের ইটভাটায় সরবরাহ করা হয়।এ কাজ করাচ্ছেন ওই এলাকার বাসিন্দা ও ফরিদপুর ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম। তিনি দাবি করেন, কুমার নদের ভেতরের এ জমি খাস নয়। এর মালিক শোভারামপুর এলাকার প্রদীপ কুমার দাস ওরফে বিষা দাস। শফিকুল ইসলাম বলেন, ‘আমি বিষা দাসের মালিকানাধীন জমি থেকে মাটি কাটছি। বিনিময়ে তাঁকে প্রতি ট্রাক মাটির জন্য ৫০ টাকা করে দিচ্ছি।’ এক ট্রাক মাটি ৬০০ টাকায় বিক্রি করছেন বলে জানান শফিকুল।মাটি পরিবহনের সুবিধার্থে নদে বাঁধ দিয়েছেন বলে স্বীকার করে শফিকুল বলেন, ‘মাটি কাটা শেষ হলে নিজ উদ্যোগে বাঁধটি কেটে দেব।’জমির কথিত মালিক শোভারামপুর এলাকার বিষা দাস দাবি করেন, ওই জায়গায় তাঁর এক একর ২৫ শতাংশ জমি রয়েছে। নদীভাঙনের কারণে তা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমান রেকর্ডেও ওই জমি তাঁর নামে রেকর্ড আছে। তিনি বলেন, ‘ওই জমিতে বীজতলা করব। সমান করার জন্য মাটি বিক্রি করছি।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, নদ বন্ধ করার অধিকার কারও নেই। নদের জায়গা কোনো অবস্থায়ই ব্যক্তিমালিকানার হতে পারে না। জমি নদীতে ভেঙে গেলে তা সরকারি সম্পত্তি হয়ে যায়। ওখানে প্রতারণা করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নদীতে বাঁধ দেওয়ার অধিকার কারও নেই। সরেজমিনে ঘুরে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’