নদের মাটিতে নদ ভরাট
বরগুনার খাকদোন নদ খনন করে সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে নদ। প্রতিদিন নদ খননের মাটি দিয়ে নদের দুই পারের বিশাল এলাকা ভরাট করা হচ্ছে। এতে নদটি সংকুচিত হয়ে যাচ্ছে।গত রোববার দুপুরে গিয়ে দেখা যায়, নদের দক্ষিণ পারে বরগুনা লঞ্চঘাটের পশ্চিম পাশে মাঝনদ বরাবর বালুর বস্তার বাঁধ তৈরি করা হয়েছে। বিআইডব্লিউটিএর খননযন্ত্র দিয়ে কাটা মাটি পাইপের মাধ্যমে এনে বাঁধের ভেতর ফেলে প্রায় ১০০ শতাংশ জায়গা ভরাট করা হচ্ছে।এলাকাবাসী জানান, স্থানীয় চেরাই কাঠ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতারা দুই দিন ধরে বাঁধ দিয়ে গত রোববার সকাল থেকে নদ ভরাট শুরু করেন। এর আগে গত ৩১ মার্চ থেকে ২ মের মধ্যে খাজুরতলা পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান নদের ১৪-১৫ শতাংশ জায়গা ভরাট করে নিয়েছে।এলাকার বাসিন্দা মনির হোসেন অভিযোগ করেন, এভাবে মাঝনদ পর্যন্ত ভরাট করায় নদটি সরু হয়ে এর অস্তিত্ব বিপন্ন হবে। ওই সমিতির সাধারণ সম্পাদক নিপুন চন্দ্র মিত্র বলেন, স্থানীয় সাংসদের সুপারিশে জেলা প্রশাসক তাঁদের সমিতির ৪০ জন ব্যবসায়ীকে মোট ২০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছেন। তাঁর অনুমতি নিয়েই ওই জায়গা ভরাট করা হচ্ছে। কিন্তু যে জায়গা ভরাট করছেন তা তো নদের মধ্যে এবং বরাদ্দের কয়েকগুণ হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার আমাদের দিয়েছে, তাই আমরা নিয়েছি। বরাদ্দের চেয়ে কিছু জমি বেশি হতে পারে। ব্যবসায়ীদের চলাচলের রাস্তা নির্মাণের জন্য বাড়তি কিছু জমি আমরা ভরাট করছি।’ অনুমতি বা বরাদ্দের কোনো কাগজপত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো কাগজ হাতে পাইনি। মৌখিক অনুমতির ভিত্তিতে ভরাট করছি।’বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ২০১০ সালে নৌ-পরিবহন মন্ত্রণালয় বরগুনায় নদীবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেয়। নৌবন্দর ঘোষণার পর গত ৩১ মার্চ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বরগুনার নৌযোগাযোগের একমাত্র মাধ্যম খাকদোন নদ খনন শুরু করে। জানতে চাইলে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ওই জমি ভরাটের কোনো অনুমতিপত্র তাঁর হাতে নেই। জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ দিয়েছেন, তাই ভরাট করছেন। সরেজমিনে দেখা যায়, বর্তমানে যে এলাকা ভরাট করা হচ্ছে, সেখানে ৪০-৫০ ফুট প্রশস্ততা নিয়ে নদটি টিকে আছে। এ ছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যে স্থানে (লঞ্চঘাটের পশ্চিম পাশে) বন্দর ভবন নির্মাণ করেছে, সে স্থান থেকে নদের অন্তত ৩০ ফুট ভেতরে গিয়ে ভরাট করা হচ্ছে।জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, ৪০ জন কাঠ ব্যবসায়ীকে ওই জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ জন্য সেখানে ভরাট করা হচ্ছে। কিন্তু নদের জমি ভরাট করা হলে, সেটা বেআইনি; অবশ্যই সেটা বন্ধ করা হবে। নদের উত্তর পার ভরাট করা প্রসঙ্গে তিনি বলেন, উত্তর পারে চরে যে সরকারি জমি আছে, তা ভরাট করা হয়েছে। সেখানে বর্তমানে যারা বসবাস করছে, তারা অবৈধ।