আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার সারা দেশে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রংপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক ভবনের সামনে শোভাযাত্রা শুরুর আগে বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের (সার্কেল-১) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রিয়সিন্ধু তালুকদার, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে ‘নদ-নদী খাল-বিলে দূষণ চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি’ স্লোগান সামনে রেখে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষাবিদ মনতোষ কুমার দে, পৌর কাউন্সিলর দ্রোপদী আগরওয়ালা প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারীতে দিবসটি পালনে বেলা সাড়ে ১০টার দিকে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শহরের সনাক কার্যালয় চত্বর থেকে একটি বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে ফিরে শেষ হয়। এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনাকের নীলফামারী জেলা সভাপতি এস এম সফিকুল আলম। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা দেন সনাক সদস্য শীষ রহমান, মিজানুর রহমান, টিআইবির এলাকা ব্যবস্থাপক সাজিদুর রহমান প্রমুখ।
রংপুরের তারাগঞ্জে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে সভা হয়। এতে বক্তব্য দেন ইউএনও জিলুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাসলীমা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আমিনুর ইসলাম।
নীলফামারীর সৈয়দপুরে ‘নদী সচল কর, বাংলাদেশকে রক্ষা কর’ স্লোগান সামনে রেখে পালিত হলো বিশ্ব পানি দিবস। গতকাল সকালে সৈয়দপুর উপজেলা চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনক জাহান, উপজেলা পাউবোর সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া, সৈয়দপুর জনস্বাস্থ্য উপপরিচালক আ. গফুর তালুকদার, সৈয়দপুর পাউবো কর্মকর্তা আবদুস শহীদ, পাউবো কর্মকর্তা আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাউবো, সৈয়দপুর নীলফামারী।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আমাদের রংপুর কার্যালয়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুর প্রতিনিধি)