নদ-নদীর পানি বাড়ছে
>অধিকাংশ স্থানে আজও মাঝারি ও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে
দেশের দুটি প্রধান নদীধারা—ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা এবং সুরমা, কুশিয়ারা, খোয়াই, ধলাই, মনুসহ অনেক নদ-নদীর পানি বাড়ছে। পানি বাড়ার এই প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে আজ বুধবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের ভেতরে ও উজানে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের অধিকাংশ স্থানে আজও মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
অন্যদিকে ভারতের অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওডিশা, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২৭ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সে দেশের আবহাওয়া দপ্তর আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে। এসব অঞ্চলে বেশি বৃষ্টি হলে বাংলাদেশের নদীধারাগুলোতে পানি বাড়ে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, নদ-নদীর পানি বাড়ার পাশাপাশি দেশে ও দেশের বাইরে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের কোনো কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
এই কেন্দ্র দেশের ৯০টি স্থানে নদ-নদীর পানির হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ৬০টি স্থানে পানি বেড়েছে। ১৮টি স্থানে কমেছে এবং ২টিতে অপরিবর্তিত ছিল। যেসব স্থানে পানি বেড়েছে, তার ৭টিতে নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে হবিগঞ্জ ও বাল্লায় খোয়াই নদের পানি যথাক্রমে বিপৎসীমার ২৮০ ও ২১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই দুটি স্থানে নদের তীরবর্তী বাঁধ একাধিক জায়গায় ভেঙে যাওয়ার আশঙ্কা স্থানীয় মানুষের।
এ ছাড়া কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে, শেওলায় কুশিয়ারা নদীর পানি ২৫ সেন্টিমিটার, শেরপুর-সিলেটে কুশিয়ারা নদীর পানি ৪৫ সেন্টিমিটার, মৌলভীবাজারে মনু নদের পানি ২৩ সেন্টিমিটার এবং কমলগঞ্জে ধলাই নদের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সন্ধ্যায় পাওয়া শেষ খবরে জানা যায়, সুরমা নদীর পানি আর বাড়ছিল না।
তবে আবহাওয়া অধিদপ্তর ‘ভারী বর্ষণের সতর্কবার্তা’য় বলেছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ধসের আশঙ্কা রয়েছে বলেও এই বার্তায় সতর্ক করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারা দেশের ওপর সক্রিয় রয়েছে। এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে পার্বত্য জেলা খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাঙামাটি, বান্দরবানেও কিছু বৃষ্টি অব্যাহত আছে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে।