নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চর ও দ্বীপ-চরের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার যাত্রাপুর, ঘোগাদহ, পাঁচগাছি, মোগলবাসা, ভোগডাঙা ও হোলখানা, নাগেশ্বরীর নুনখাওয়া, কালীগঞ্জ, বল্লভেরখান, নারায়ণপুর, উলিপুরের সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, হাতিয়া, চিলমারীর নয়ারহাট, রানীগঞ্জ, রমনা, অষ্টমীর চর, রাজীবপুরের তিনটি ইউনিয়ন ও রৌমারীর পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি উঠেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৪০ হাজার মানুষ। এসব এলাকার কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। ঈদের আগে রোজার মধ্যে বন্যায় মানুষের দুর্ভোগ বেড়েছে।
গত শনিবার ফুলবাড়ীর সদর ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী ও রাম প্রশাস মৌজার মধ্যে যোগাযোগের একমাত্র কাঁচা সড়কটির মধ্যবর্তী স্থানে ১০০ মিটার ভেঙে গেছে। ওই স্থান দিয়ে পানি প্রবেশ করে পাঁচটি ওয়ার্ডের অধিকাংশ নিচু এলাকা প্লাবিত হয়েছে। সোনাইকাজী এলাকার বাসিন্দা ইউনুস আলী বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ উপজেলা সদরে যেতে পারছেন না।
সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার বলেন, ‘হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ায় আমার ইউনিয়নে ২ শতাধিক সবজিখেত ডুবে গেছে। কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ধরলা নদীর তীরবর্তী কদমতলা এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমি সংশ্লিষ্ট বিভাগকে ভাঙন ঠেকাতে বিনীত অনুরোধ করছি।’
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ‘ভাঙনকবলিত এলাকাগুলোতে আমরা জরুরি ভিত্তিতে বাঁশের বান্ডিল ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছি।’