নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিধান জারি
প্রজাতন্ত্রের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিধান নির্দিষ্ট করে সরকার ‘নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা-পদোন্নতি) বিধিমালা-২০১১’ শীর্ষক একটি বিধিমালা জারি করছে। দেশে এ ধরনের বিধিমালা হবে এটাই প্রথম। এতে প্রায় ১০ লাখ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর চাকরি ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিষয়ে প্রায় ৪০ বছর ধরে বিরাজমান অনিশ্চতা দূর হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ১৯৭০ সালে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির একটি নির্দেশনা ছিল। এর আলোকে পরবর্তী সরকারগুলো বিভিন্ন নির্দেশনার মাধ্যমে জ্যেষ্ঠতা ও পদোন্নতির কাজ করে আসছিল। কিন্তু তা অভিযোগমুক্ত ছিল না। এখন পূর্ণাঙ্গ বিধিমালা হওয়ায় যোগ্যদের পদোন্নতি বা জ্যেষ্ঠতা নির্ধারণে আর কোনো সমস্যা থাকবে না।সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, বিধিমালা না থাকায় জ্যেষ্ঠতা বা চাকরিতে যোগদানের সময় ইত্যাদি নিয়ে সৃষ্ট নানা জটিলতায় নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বছরের পর বছর আটকে থাকে। অনেকে যে পদে চাকরিতে যোগ দেন ক্ষেত্রবিশেষে জটিলতার কারণে সেই পদ থেকেই অবসরে যেতে হয়। বিধিমালা হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বা প্রতিষ্ঠান এখন পদ শূন্য হলেই পদোন্নতি দিতে পারবে। জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রেও কোনো জটিলতা থাকবে না। এসব বিষয়ে এখন আর সংস্থাপন ও আইন মন্ত্রণালয়ের মতামতেরও দরকার হবে না। জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বিধিমালায় বলা হয়েছে, আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পাবেন, পরের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের ওপরে তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে মেধাক্রম অনুযায়ী তা নির্ধারণ করা হবে। এতেও সমস্যা হলে শিক্ষাবর্ষ ধরে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বিভিন্ন পদের সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণীর প্রারম্ভিক পদে নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।বিচারাধীন এবং দণ্ডপ্রাপ্তদের পদোন্নতি: বিভাগীয় মামলা, দুদকের মামলায় অভিযোগপত্র বা ফৌজদারি মামলায় সরকার অনুমতি দিলে বা অনুরূপ কারণে গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি পাবেন না। অপরাধ ভেদে দণ্ডভোগের পরবর্তী এক ও দুই বছর পর্যন্ত পদোন্নতি পাবেন না। অভিযোগ থেকে মুক্ত কোনো কর্মকর্তা পদ শূন্য থাকলে পদোন্নতি পাবেন। সব ক্ষেত্রেই পদ শূন্য থাকা সাপেক্ষে পদোন্নতি দেওয়া হবে।সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে পদোন্নতিসংক্রান্ত একটি কমিটি থাকবে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির কোনো সুযোগ থাকবে না।নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে চাকরির পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের গড় নম্বর ৮০ ধরা হয়েছে। তবে এ পাঁচ বছরের কোনো একটি বছরের নম্বর ৪০ বা এর নিচে থাকলে তা বিরূপ মন্তব্য হিসেবে গণ্য হবে। এ পাঁচ বছরের মধ্যে তিন বছরের মূল্যায়ন প্রতিবেদন অতি উত্তম থাকলে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন।তৃতীয় শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির গোপনীয় প্রতিবেদনের তিন বছর অতি উত্তম হতে হবে। কিন্তু এ পাঁচ বছরের মধ্যে কোনো এক বছরে যদি প্রতিবেদনে সন্তোষজনক নয়—এমন মন্তব্য থাকে, তবে তা বিরূপ বলে গণ্য হবে এবং তিনি পদোন্নতি পাবেন না।চতুর্থ শ্রেণীর পদের জন্য চাকরির বইয়ে বিরূপ মন্তব্য থাকলে যে বছরের জন্য ওই মন্তব্য লেখা থাকবে, সেই বছর থেকে পরবর্তী তিন বছর পদোন্নতি পাবেন না। তবে কোনো কর্মকর্তার বইয়ে এমন মন্তব্য থাকলে তা সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে হবে।কর্মচারীদের জ্যেষ্ঠতার তালিকা: কর্তৃপক্ষ জ্যেষ্ঠতার একটি খসড়া তালিকা তৈরি করে তা সব কর্মচারীর অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। এ বিষয়ে ৩০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে আপত্তি গ্রহণ করা হবে। আপত্তি, অভিযোগ ও পরামর্শের যথাযথ শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।পদোন্নতির শর্ত: অনুমোদিত জ্যেষ্ঠতার তালিকা অনুসরণ না করে পদোন্নতি দেওয়া যাবে না। শূন্য পদের বাইরে পদোন্নতি হবে না। পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি বিবেচনা করা হবে।