অবিলম্বে নন-ক্যাডার পদে নিয়োগের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ২৮তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশন করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে অর্ধশতাধিক নন-ক্যাডার প্রার্থী অংশ নেন। উত্তীর্ণ প্রার্থীরা বলেন, ২৮তম বিসিএসে উত্তীর্ণ দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডার এবং বাকি দুই হাজার ৯১৫ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ অধ্যাদেশের আলোকে পিএসসি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদন চাইলে দুই হাজার ৭০০ আবেদন জমা পড়ে। কিন্তু তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে না। তাঁরা বলেন, দেশের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পেয়ে তাঁরা হতাশার মধ্যে রয়েছেন। কর্মসূচিতে আরও বক্তব্য দেন: ওসমান গনি, ইউসুফ মোল্লা, মাসুদ পারভেজ, রেজাউল হক, রাকিব হাসান, রিয়াদুল করিম, সুলতানা ফেরদৌস প্রমুখ।