সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশে জারি করা নন-ক্যাডার নিয়োগ বিধিমালা জারির উদ্দেশ্য সফল হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিসিএস উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরা বলছেন, পরীক্ষার সময় ও খরচ কমিয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে ওই বিধিমালা জারি করা হলেও বাস্তবে উত্তীর্ণদের সিংহভাগই নিয়োগ পাচ্ছেন না। পিএসসি সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৭০০ প্রার্থী নন-ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছর আবেদন করেছিলেন। কিন্তু এঁদের দুই হাজার ৪০০ জনই নিয়োগ পাননি। একইভাবে ২৯তম বিসিএসে উত্তীর্ণদের দুই হাজার ৪০৮ জন প্রার্থী নন-ক্যাডার পদে চাকরির আবেদন করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, তাঁদের বেশির ভাগকেই চাকরির জন্য সুপারিশ করতে ব্যর্থ হচ্ছে পিএসসি। তবে পিএসসি এ অভিযোগকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলছে, মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদের যথেষ্ট সংখ্যক শূন্যপদের তালিকা না পাওয়ার ফলে কমিশনের পক্ষে সবার ব্যাপারে সুপারিশ করা সম্ভব হচ্ছে না।২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ২৮তম বিসিএস পরীক্ষাতেও নন ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু চাকরি পাইনি। এবারও পাব কি না জানি না’। একই মন্তব্য করেছেন পারভেজ হোসেন, শফিকুল ইসলামসহ আরও কয়েকজন প্রার্থী। বিসিএসের লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের প্রথম শ্রেণীর পদে নিয়োগ দিতেই পিএসসির সুপারিশে গত বছর নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা জারি করা হয়। ওই বিধিমালা জারির পর পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন প্রথম আলোকে বলেছিলেন, এই বিধিমালার ফলে সরকারের নিয়োগ পরীক্ষার খরচ ও সময় যেমন কমে আসবে তেমনি বিসিএস উত্তীর্ণ মেধাবীদের সবাই চাকরি পাবেন।পিএসসি সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস-এ উত্তীর্ণ দুই হাজার ৭০০ থেকে মাত্র ৩০০ প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করতে পেরেছিল। এই অভিজ্ঞতা থেকে এবার আরও বেশি প্রার্থীকে নিয়োগ দিতে ২৯তম বিসিএসের ফল প্রকাশের পরপরই প্রক্রিয়া শুরু করে পিএসসি। এর মধ্যে গত ৩ এপ্রিল পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দরখাস্ত আহ্বান করা হয়। মোট দুই হাজার ৪০৮ জন প্রার্থী নন-ক্যাডার পদের জন্য দরখাস্ত করেন। জানা গেছে, নিয়োগ দিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে পিএসসি সচিবালয় থেকে ১২ এপ্রিল চিঠি দেওয়া হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদের শূন্য পদসংখ্যার চাহিদাপত্র পাঠানোর অনুরোধ করা হয়। এখন মন্ত্রণালয় থেকে শূন্যপদের তালিকা পেলেই কমিশন ক্রমানুযায়ী নিয়োগের সুপারিশ করবে। পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বিধিমালাটি ছিল ইতিবাচক। তাই এটি জারির পর পিএসসি ভেবেছিল মন্ত্রণালয়গুলো শূন্য পদে নিয়োগে আগ্রহী হয়ে চাহিদাপত্র পাঠাবে। কিন্তু দেখা যাচ্ছে ঘটনা উল্টো। তিনি অভিযোগ করেন, মূলত মন্ত্রণালয়গুলোর অসহযোগিতার কারণেই উত্তীর্ণ হওয়ার পরও চাকরি পাচ্ছেন না মেধাবীরা। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, বিভিন্ন সময় বলা হয়, প্রথম শ্রেণীর ৩৫ হাজার কিংবা তারও বেশি পদ খালি। কিন্তু মন্ত্রণালয়গুলো থেকে গত বছর মাত্র ছয়শ পদের চাহিদাপত্র পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী এর অর্ধেক পদে অর্থাৎ ৩০০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। উত্তীর্ণ বেশির ভাগ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা যাচ্ছে না কেন জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, কমিশন চায় বেশিসংখ্যক প্রার্থী চাকরি পাক। কিন্তু মন্ত্রণালয়গুলো খুব বেশি চাহিদাপত্র পাঠায় না। কাজেই পিএসসির কিছু করার নেই।