ননদ-ভাবিকে ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ননদ-ভাবিকে ধর্ষণের মামলায় চার আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া ওই দুই নারীকে অপহরণের দায়ে আসামিদের প্রত্যেককে ১৪ বছর করে কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবদুল মান্নান এই মামলার রায় প্রদান করেন। রায় প্রদানের পর কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দণ্ডিত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার নামইট গ্রামের সোলায়মান আলী (৪৯), আয়নাল হক (৪৮), মহির উদ্দিন (৪৭) ও মোজাহার আলী (৪৮)।
আদালতের বিশেষ পিপি নরেশ মুখার্জি বলেন, ধর্ষণ ও অপহরণের পৃথক সাজা একসঙ্গে কার্যকর হলেও দণ্ডিত ব্যক্তিদের প্রত্যেককে আলাদাভাবে ১ লাখ ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করতে হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৯ অক্টোবর নন্দীগ্রাম উপজেলার নামইট গ্রামের ননদের বাড়িতে বেড়াতে আসেন পাশের গ্রামের এক গৃহবধূ। রাত ১২টার দিকে ননদ-ভাবিকে নামইট গ্রামের ওই বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে পাশের পুকুরপাড়ে নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ধর্ষণ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে নামইট গ্রামের সোলায়মান আলীর বাড়ির দোতলায় আটকে রেখে তাঁদের আরেক দফা ধর্ষণ করা হয়।
অপহৃত ব্যক্তিদের খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন বিকেলে গ্রামের লোকজন সোলায়মান আলীসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের চাপ দিলে ননদ-ভাবিকে জিম্মি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে তাঁদের একজন মামলা করেন।