
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ননদ ও ভাবি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। তাঁরা হলেন ননদ নারগিস বিবিা ও ভাবি রোনা বিবি।
এর মধ্যে ননদ নারগিস বিবি বর্তমানে ওই ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। তাঁরা ছাড়াও এই ওয়ার্ডে আরও চার প্রার্থী একই পদে নির্বাচন করছেন। তাঁদের দুজনের প্রতিদ্বন্দ্বিতার কারণে আত্মীয়স্বজনেরা বিড়ম্বনায় পড়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১০ সালের নির্বাচনে কসবা গ্রামের আবদুল হামিদের স্ত্রী নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও তিনি একই ওয়ার্ড থেকে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবিও মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে তাঁরা দুজনেই টিকে যাওয়ায় ননদ আঙুর ও ভাবি চকলেট প্রতীকে নির্বাচন করছেন। প্রতীক নিয়ে তাঁরা দুজনেই প্রচারণা চালাচ্ছেন। সকাল হলেই একই বাড়ি থেকে দুই প্রার্থী প্রচারণায় নেমে পড়েন। তাঁদের সঙ্গে প্রচারণায় যোগ দেন স্বামীরাও। ওয়ার্ডের আলাদা আলাদা এলাকায় প্রচারণা শেষে বাড়ি ফেরেন।
নারগিস বিবি বলেন, তিনি আগের নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে অন্যের প্ররোচনায় তাঁর ভাবি প্রার্থী হয়েছেন। তাঁর ক্ষতি করার জন্য ভাবি প্রার্থী হয়েছেন বলে মনে করেন তিনি। তবে প্রতিপক্ষ নয়, নির্বাচনী মাঠেও ভাবি হিসেবে রোনা বিবিকে দেখছেন বলে জানান তিনি।
নারগিস বিবি স্বীকার করেন, একই পদে একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ায় আত্মীয়স্বজনেরা বিড়ম্বনায় পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তাঁদের চারজন আত্মীয় বলেন, ননদ-ভাবির লড়াইয়ের কারণে রীতিমতো বিব্রত। তাঁরা কঠিন সমস্যায় পড়েছেন বলে মন্তব্য করেন।
প্রার্থী নারগিস বিবির বাবা আবুল কালাম বলেন, তিনি মেয়ের সঙ্গে থেকে তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কী কারণে তাঁরা দুজনেই প্রার্থী হলেন, তা ভেবে পাচ্ছেন না।
অপরদিকে ভাবি রোনা বিবি নিজের ননদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে বলেন, তাঁর সঙ্গে কোনো বিরোধ নেই। এলাকার লোকজন তাঁর সঙ্গে আছেন, নির্বাচনের মাঠে পরীক্ষা হবে ননদ-ভাবির জনপ্রিয়তার।
তাঁর স্বামী মাহাবুর রহমান বলেন, বোন তাঁর মতো নির্বাচন করছেন এবং তিনি স্ত্রীকে নিয়ে নিজের মতো নির্বাচন করছেন।