ননদ-ভাবির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া খাতুন ও হাসিমা খাতুন
সুফিয়া খাতুন ও হাসিমা খাতুন

চুয়াডাঙ্গা পৌরসভায় সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর পদে ননদ-ভাবি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সুফিয়া খাতুন ও হাসিমা খাতুন। সুফিয়া পুরাতনপাড়ার তৌহিদ হোসেনের স্ত্রী ও হাসিমা জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত শহিদুল হকের স্ত্রী।
এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুলতান আরা রত্না ও বিলকিছ বেগমও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ননদ সুফিয়া ও ভাবি হাসিমা দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ায় আত্মীয়স্বজন পড়েছেন দোটানায়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর উল্লিখিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ৫ ডিসেম্বর যাচাই-বাছাইকালে সুফিয়া খাতুনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরপর তিনি প্রার্থিতা ফেরত পেতে আপিল করলে জেলা প্রশাসক সায়মা ইউনুস ৯ ডিসেম্বর শুনানি শেষে সুফিয়ার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। এরপর থেকে দুজনই ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে নেমে পড়েছেন।
হাসিমা বলেন, ‘শ্বশুর ও বাবার বাড়ির লোকজনের পরামর্শেই আমি ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। গত পাঁচ বছর ওয়ার্ডের অসহায় মানুষকে সাধ্যমতো সেবা করে এসেছি। ভোটাররা আমাকে আশ্বস্ত করায় এবার প্রার্থী হয়েছি।’
অন্যদিকে, সুফিয়ার দাবি, তিনিই আগে থেকে নির্বাচনী মাঠে রয়েছেন। ভাবি হাসিমা মাঠে নামায় তেমন প্রভাব পড়বে না। ভোটাররা তাঁকেই নির্বাচিত করবেন।