ননদের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ননদের নির্যাতনে পারভীন আকতার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ২২ ঘণ্টা পর পুলিশ গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। স্বামীর পরিবারের দাবি পারভীন আকতার বিষ পান করে আত্মহত্যা করেছেন। কিন্তু মেয়ের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ নির্যাতন করায় তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রামনারায়ণপুর গ্রামের ওমর ফারুক টাঙ্গাইলের সখীপুরে মাছের ব্যবসা করেন। সেই সুবাদে ২০০২ সালে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে পারভীন আকতারকে বিয়ে করেন। তাঁদের দুটি মেয়েসন্তান রয়েছে। ওমর ফারুক পারভীনকে সন্তানসহ তাঁর নিজ বাড়ি রামনারায়ণপুর রেখে সখীপুরে মাছের ব্যবসা করছিলেন। পারিবারিক বিষয় নিয়ে গত বুধবার সকালে ওমর ফারুকের সঙ্গে পারভীনের মুঠোফোনে বাদানুবাদ হয়। একপর্যায়ে পারভীন বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যান। খবর পেয়ে ওমর ফারুকের বোন শিল্পী খাতুন পারভীনকে মারধর করে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়ি নিয়ে আসেন। পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টায় পারভীন মারা যান। এ ঘটনায় শিল্পী খাতুনের স্বামী রেন্টু মিয়া গতকাল সকালে থানায় অপমৃত্যু মামলা করেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা অভিযোগ করেন, পারভীনকে রাস্তা থেকে বাড়িতে টেনে আনার সময় শিল্পী খাতুন মারধর করেন। এতে পারভীন অসুস্থ হয়ে পড়েন। পরে বিনা চিকিৎসায় তিনি মারা যান।
শিল্পী খাতুন বলেন, ‘তাঁকে জোর করে বাড়িতে টেনে এনেছি, মারধর করিনি। বৃহস্পতিবার সকালে বাচ্চাদের চিৎকারে ঘরে গিয়ে পারভীনকে বিষ পান করে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এলাকাবাসী শত্রুতা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’
ওমর ফারুক বলেন, ‘আমি কর্মস্থলে থাকায় পারভীন মুঠোফোনে আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। আমার কথামতো শিল্পী তাকে রাস্তা থেকে বাড়িতে এনেছে। মারধরে বিষয়ে আমার জানা নেই।’