নন্দকুঁজায় পানি বৃদ্ধি, ২৫টি ভূমিহীন পরিবার বাস্তুচুত্য
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘরে ঢুকে পড়ায় ২৫ ভূমিহীন পরিবার দুই সপ্তাহ ধরে বাড়িছাড়া। উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর এলাকার নদীর তীরে তারা ঘর তুলে বসবাস করে আসছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভূমিহীন এসব পরিবার নদীটির উঁচু পাড়ে দু-তিন বছর আগে ঘর তুলে বসবাস শুরু করে। সম্প্রতি নদীটির পানি বাড়ায় তাদের বসতবাড়ি, টিউবওয়েল পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা আশপাশের বাড়িতে আশ্রয় নেয়।
গত বুধবার বিকেলে গিয়ে দেখা গেছে, নদীটির দক্ষিণ পাশে উত্তর-পূর্ব লাইন ধরে এসব ভূমিহীন পরিবার বসবাস করত। এখন আধা পাকা ঘরগুলোর চারদিকে থই থই পানি। স্থানীয় লোকজন বলেন, এসব পরিবারের লোকজন আশপাশে যেসব বাড়িতে পানি ওঠেনি সেগুলোতে নয়তো দূরের কোনো আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে।
এসব ভূমিহীন মানুষের মধ্যে আশপাশের বাড়িঘরে আশ্রয় নেওয়া রহিমা, জাহানারা বেগম, নাছিমা ও আজিরন বেওয়া বলেন, নদী শিকস্তির তীরে ঘর তুলে স্বামী-সন্তান নিয়ে এত দিন কোনো রকমে ছিলেন তাঁরা। কিন্তু নদীর পানি ঘরে ঢুকে পড়ায় তাঁরা বাড়িতে থাকতে পারছেন না। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত তাঁদের খোঁজ নিতে আসেনি কেউ।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী বলেন, সেখানকার ২৫টি পরিবারের ৩০টি ঘর পানিতে ডুবে গেছে। এসব মানুষ অমানবিক জীবন যাপন করছে। বিষয়টি শিগগিরই চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী বলেন, তাঁর তত্ত্বাবধানে ভূমিহীন পরিবারগুলো এখানে আশ্রয় পেয়েছিল। কিন্তু তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মানুষগুলোর দিকে আর নজর দিতে পারছেন না।
গুরুদাসপুরের ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।