নন্দন পার্কে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠী, শিক্ষক ও অভিভাবকের সঙ্গে ঢাকার আশুলিয়ার বিনোদনকেন্দ্র নন্দন পার্কে বেড়াতে এসেছিল ছয় বছরের শিশু সোনালী। কে জানত সে লাশ হয়ে বাড়ি ফিরবে? কিন্তু তা-ই হয়েছে, স্পেস গিয়ার নামের একটি রাইডের আঘাতে তার মৃত্যু হয়েছে।

সোনালী ঢাকার দোলাইরপাড়ের ফারুক হোসেনের মেয়ে। বছর তিনেক আগে বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার মা অন্য একজনকে বিয়ে করেন। এর পর থেকে সোনালী নারায়ণগঞ্জের ফতুল্লায় খালা বিউটি আক্তারের কাছে থাকত। সেখানে সে অক্সফোর্ড কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আশুলিয়া থানার পুলিশ জানায়, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকেরা গতকাল শনিবার সকালে নন্দন পার্কে বেড়াতে আসেন। সন্ধ্যা ছয়টার দিকে কিছু শিক্ষার্থী স্পেস গিয়ার নামের একটি রাইডে ওঠে। এ সময় সোনালী তার খালার সঙ্গেই ছিল। হঠাৎ করে দৌড়ে ঘূর্ণমান ওই রাইডের কাছে গেলে সোনালী মাথায় আঘাত পায়। মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বিউটি বলেন, তিনি এ ব্যাপারে গতকাল রাতে নন্দন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন।