আশুলিয়ায় নন্দন পার্কে গতকাল শুক্রবার পূর্বঘোষিত শিল্পী না আসায় দর্শক-শ্রোতারা পার্কের ভেতর ভাঙচুর করেছে। পুলিশের লাঠিপেটায় অন্তত ১২ জন আহত হয়েছে। উত্তেজিত দর্শক প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে। তাদের কারণে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশের বিখ্যাত কয়েকজন শিল্পীর ওই কনসার্টে গান গাওয়ার কথা ছিল। বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত শিল্পীরা অনুপস্থিত থাকেন। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। রাত সাড়ে আটটার দিকে তারা উত্তেজিত হয়ে পার্কের ভেতর ভাঙচুর শুরু করে। তারা কয়েকটি রাইড ভেঙে ফেলে। খবর পেয়ে আর্মড ব্যাটালিয়ন পুলিশ এসে তাদের লাঠিপেটা করে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। বিক্ষুব্ধ দর্শকেরা পার্ক থেকে বেরিয়ে এসে রাত নয়টার দিকে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে অবস্থান নেয়। তারা সেখানে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে। তাদের নিয়ন্ত্রণ করতে আশুলিয়া থানা ও গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ সেখানে আসে। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাত ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশীদ ও কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।