নন্দনমঞ্চে রবীন্দ্রসংগীত উৎসব
সরোদের ধ্বনি থামার আগেই বন্ধ হয়ে গিয়েছিল নন্দনমঞ্চের ঝরনা। মঞ্চের আলো জ্বলে ওঠে সম্মিলিত বাদ্যের ঐকতানে। জাতীয় সংগীতের সুর বুঝতে পেরে উঠে দাঁড়ান দর্শকেরা। শুরু হয় রবীন্দ্রসংগীত উৎসবের দ্বিতীয় সন্ধ্যা।
গতকাল শনিবার ছিল দুই দিনের রবীন্দ্রসংগীত উৎসবের শেষ দিন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় শেষ দিনের এই আয়োজন। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান দুটি দিয়ে শুরু হয় এই আয়োজন। শেষ দিনের এই আয়োজনে গান করেন ভারতের ৩ জনসহ বাংলাদেশের প্রায় ২০ জন শিল্পী। অনুষ্ঠানে ইকবাল বাহার চৌধুরী রবীন্দ্রনাথের ‘প্রশ্ন’ ও ‘হঠাৎ দেখা’ কবিতা দুটি আবৃত্তি করেন। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদের আয়োজনে এই উৎসব নিয়ে সন্তুষ্ট সংগঠকেরা।
তারেক মাসুদ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
‘হলিউড প্রাচ্য দর্শন’ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবারের ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অডিও ভিজ্যুয়াল স্মারক বক্তৃতা করেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বীরেন দাশ শর্মা। সভাপতিত্ব করেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন।
এর আগে ৯ থেকে ১২ মার্চ চার দিন ধরে অনুষ্ঠিত হয় দুটি কর্মশালা। স্মারক বক্তৃতা শেষে কর্মশালা দুটিতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বীরেন দাশ শর্মা।
আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় নির্বাচিত ১০টি চলচ্চিত্র দেখানো হবে।