নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম মণ্ডলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে গত বছরের ৩ মার্চ নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা এবং গানপাউডার ঢেলে আগুন দেওয়ার মামলাসহ নাশকতা ও ভাঙচুরের অভিযোগে নূরুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজিরা দিতে গিয়ে নূরুল ইসলাম কারাগারে যাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা-১ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে। ওই চিঠি গত সোমবার উপজেলা প্রশাসনে এসে পৌঁছে।
ওই চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ পোড়ানো ও নাশকতার মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় উপজেলা পরিষদ আইনের ১৩(ঘ)/১ ধারায় নূরুল ইসলামকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত চিঠি সোমবার হাতে পেয়েছি।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, চাঁদে সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে ৩ মার্চ উপজেলা পরিষদে হামলা চালিয়ে গানপাউডার ঢেলে সরকারি বিভিন্ন দপ্তর পুড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া নন্দীগ্রাম থানায় হামলা চালানো হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ক্ষমতাসীন দলের দুই নেতার বাসা। এসব ঘটনায় উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম মণ্ডলকে প্রধান আসামি করে চারটি মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ৭ আগস্ট আদালতে হাজির হয়ে এসব মামলায় জামিন আবেদন করেন নূরুল ইসলাম। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।