বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ডাকা জলমহাল ইজারার দরপত্র বাতিলের দাবিতে গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের কয়েকটি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলীর নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা জলমহাল ইজারা বাতিল করো, করতে হবে ইত্যাদি শ্লোগান দেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রধান সহকারীর কক্ষ ভাঙচুর ও কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং অফিস সহকারীকে লাঞ্ছিত করেন। পরে তাঁরা ইউএনওর ব্যক্তিগত সহকারীর কক্ষ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিমের কক্ষ ভাঙচুর করেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সরকারি ৩২৬টি জলমহাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৭ মে পর্যন্ত এই দরপত্র কেনা এবং ৮ মে জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু দরপত্র আহ্বানের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব জলমহাল নিজেরা ভাগ করে নেওয়ার জন্য এসব দরপত্র বাতিল করতে প্রশাসনকে চাপ দিয়ে আসছিল। কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে থাকায় এই হামলা চালানো সম্ভব হয়নি। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার শিরিন আখতার নন্দীগ্রাম উপজেলা পরিষদে যান। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী বলেন, ‘আমি হরতালবিরোধী মিছিল শেষ করে সেখান থেকে চলে এসেছি। উপজেলা পরিষদে হামলার কথা পরে জানতে পেরেছি। কারা হামলা করেছে জানি না।’ নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, জলমহাল ইজারার ঘটনা নিয়ে আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে বলে শুনেছি। উপজেলা পরিষদ থেকে বিকেল সাড়ে পাঁচটায় একটি অভিযোগ এসেছে। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মির্জা শাকিলা বিন হাসিন বলেন, উপজেলা পরিষদ থেকে জলমহাল ইজারার দরপত্র বাতিলের দাবিতে কিছু সন্ত্রাসী হামলা চালিয়ে পরিষদের তিনটি কক্ষ ভাঙচুর করেছে।