নন্দীগ্রাম উপজেলা পরিষদের দুটি কক্ষে আগুন নৈশপ্রহরী আটক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের পল্লী উন্নয়ন কার্যালয়ের দুটি কক্ষে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে কেউ ভবনে আগুন দিয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মসিউর রহমান জানান, গত বৃহস্পতিবার অফিস ছুটি হওয়ার পর উপজেলা পরিষদ চত্বর ফাঁকা হয়ে যায়। তবে রাতে উপজেলা পরিষদের নৈশপ্রহরী মুক্তার হোসেনের দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি ছিলেন না। ওই কার্যালয়ের একটি জানালাও খোলা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাইরে থেকে আগুন দেয়। এতে দুই কক্ষের চেয়ার-টেবিল ও গুরুত্বপূর্ণ কিছু নথি পুড়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আগুনের ধরন দেখে মনে হচ্ছে এটি নাশকতা। মুক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় বলেন, ৩ মার্চের তাণ্ডবের পর এবারও সংঘাতের আশঙ্কায় বৃহস্পতিবার রাতেই উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাটি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।