বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপিকে সাংসদ মোস্তফা আলীর পকেট কমিটি বলে আখ্যায়িত করেছেন পদবঞ্চিত সাবেক কমিটির নেতারা। তাঁদের অভিযোগ, উপজেলা বিএনপি চলছে মোস্তফা আলীর পরিবারের সদস্য ও আস্থাভাজনদের নিয়ে।তবে কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপিদলীয় মোস্তফা আলী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা এসব কথা বলছেন, তাঁদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। গঠনতন্ত্র অনুসরণ করেই বর্তমান উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। আর দলকে পারিবারিকীকরণের যে কথা বলা হচ্ছে, সেটাও সঠিক নয়। টিআর-কাবিখার বরাদ্দ লুটপাটের অভিযোগও ভিত্তিহীন।সাংগঠনিক সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা কমিটিতে কোন্দলের শুরু ২০০৬ সালে। বিএনপি ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে তৎকালীন সাংসদ জিয়াউল হক মোল্লার পক্ষে-বিপক্ষে দলে দুটি পক্ষ প্রকাশ্য হয়ে পড়ে। ক্ষমতা ছাড়ার পর জিয়াউল হক মোল্লা ‘সংস্কারপন্থী নেতা’ হিসেবে চিহ্নিত হন। একই কারণে ২০০৯ সালের নির্বাচনে তাঁকে বাদ দিয়ে মোস্তফা আলীকে মনোনয়ন দেয় বিএনপি। সাংসদ নির্বাচিত হওয়ার পরপরই মোস্তফা আলী প্রভাব খাটিয়ে সাবেক সাংসদ সমর্থিতদের দল থেকে বাইরে রাখতে উপজেলা ও পৌর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েন উপজেলা কমিটির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান চৌধুরী ও পৌর কমিটির সভাপতি কামরুল হাসান সিদ্দিকীসহ বেশকিছু নেতা।বঞ্চিত নেতারা অভিযোগ করেন, ত্যাগী নেতাদের কমিটি থেকে বাদ দিয়ে সাংসদ তাঁর পরিবারের সদস্য ও আস্থাভাজনদের নিয়ে কমিটি করেন। ভাই গোলাম আজমকে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক করেন। আরেক ছোট ভাই আবদুল ওহাবকে যুবদলের যুগ্ম আহ্বায়ক, আহসান হাবিব নামের এক ভাইকে ছাত্রদলে ও ছোট বোন মঞ্জুরী বেগমকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে বসান।নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী অভিযোগ করেন, ‘কমিটির আহ্বায়ক হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাইনি। অনেক নেতারই দলে স্থান হয়নি। কারণ, তিনি (সাংসদ) উপজেলা বিএনপিকে ‘মোস্তফা মুকুল পাটি-এমএমপি’ বানিয়েছেন। বিএনপিসহ সহযোগী সংগঠনে পরিবারের সদস্যদের পুনর্বাসন করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো দীর্ঘদিনেও অনুমোদন হতে না দিয়ে তিনি নেতাদের ভয় দেখিয়ে তাঁর কথামতো টিআর-কাবিখা হরিলুটে সহযোগিতা করতে বাধ্য করছেন।’উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নয়; নন্দীগ্রাম বিএনপি চলছে সাংসদের ইচ্ছা-অনিচ্ছায়। তাঁর পকেট কমিটিতে পরিবারের সদস্যরা স্থান পেলেও অনেক ত্যাগী নেতারই স্থান হয়নি। তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আজম দাবি করেন, সাংসদের ভাই হিসেবে নয়, দলে দীর্ঘদিন ধরে শ্রম দেওয়ার কারণেই এ পদ দিয়ে তাঁকে মূল্যায়ন করা হয়েছে। মঞ্জুরী বেগম দাবি করেন, ভাই সাংসদ হওয়ার আগে থেকেই পরিবারের সদস্যরা বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।উপজেলা বিএনপির সহসভাপতি রাফি পান্না বলেন, জেলা ও উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকার পরও সাবেক সভাপতির দলে স্থান না হওয়ার বিষয়টি দুঃখজনক। সভাপতি একে আজাদ দাবি করেন, জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে সমেঞ্চলনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হয়েছে। যোগ্যতার মাপকাঠিতেই সাংসদের পরিবারের সদস্যরা কমিটিতে স্থান পেয়েছে।