নন্দীগ্রামে ইউরিয়ার কৃত্রিম সংকট
আমনের ভরা মৌসুমে টাকা দিয়েও চাহিদামতো ইউরিয়া সার কিনতে পারছেন না বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকেরা। কৃত্রিম সংকট তৈরি করে উপজেলার সরকার অনুমোদিত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করছেন বলে কৃষকদের অভিযোগ।
তবে অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন, গুদামে সারের মজুত কম। সংকট এড়াতে একজন কৃষকের কাছে এক থেকে দুই বস্তা করে ইউরিয়া বিক্রি করা হচ্ছে। তবে কারও কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ১০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এই আমন আবাদে আগস্ট মাসে বাফার গুদাম থেকে এক হাজার ৫০ মেট্রিক টন এবং যমুনা ফার্টিলাইজার কোম্পানি থেকে সাড়ে তিন শ মেট্রিক টন ইউরিয়ার বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মশিদুল হক বলেন, ১৬ আগস্ট পর্যন্ত বরাদ্দ মিলেছে প্রায় এক হাজার মেট্রিক টন। গত শনিবার পর্যন্ত অনুমোদিত ১৪ ডিলারের গুদামেও পর্যাপ্ত সার মজুত ছিল। অবশিষ্ট ৪০০ মেট্রিক টন বরাদ্দ খুব শিগগির পাওয়া যাবে। তাই সার-সংকটের কোনো আশঙ্কা নেই।
উপজেলার কাথম গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘কিছু ডিলার বরাদ্দ পাওয়া ইউরিয়া বেশি দামে অন্য এলাকায় বিক্রি করে দিয়েছেন বলে শুনেছি। আবার কেউ কেউ সংকটের কথা বলে বস্তাপ্রতি ১০০-২০০ টাকা বেশি রাখছেন।’