নন্দীগ্রামে এখনো তাণ্ডবের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্চে জামায়াত-শিবিরের কর্মীদের নন্দীগ্রামে সহিংসতার চিহ্ন  ফাইল ছবি
মার্চে জামায়াত-শিবিরের কর্মীদের নন্দীগ্রামে সহিংসতার চিহ্ন ফাইল ছবি

বগুড়া-নাটোর রোডের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে ডান দিকে মোড় নিতেই চোখে পড়ল ঝকঝকে দ্বিতল ভবন। ওপরে লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নন্দীগ্রাম। সাদা চুনকামের মাঝে মাঝে আকাশি রঙের প্রলেপ। দোতলার বারান্দায় ফুলের টব বসিয়ে চলছে নান্দনিক সৌন্দর্য বাড়ানোর কাজ।সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই এগিয়ে এসে পরিচয় জানতে চাইলেন দপ্তরি জাহাঙ্গীর হোসেন। সাংবাদিক শুনে বললেন, ‘স্যার, এই বিল্ডিংয়ে যেগুলা দেখছেন, এগুলা কিছুই ছিল না। সাঈদীর ছবি চাঁদে দেখার গুজব ছড়িয়ে জামায়াতের লোকজন সবতে আগুন ধরাই দিছে। নতুন করে পিলাস্টার দেওয়া হইচে। যা দেখছেন তার সবই নতুন। কী হয়চিল সেডা দেখলে আইসেন নিচে।’জাহাঙ্গীর নিয়ে যান একটি একতলা ভবনের সামনে। ইংরেজি ‘ই’ অক্ষরের মতো ভবনটিতে গোটা বিশেক কক্ষ। উঁকি দিতেই নাকে এসে লাগে পোড়া উটকো গন্ধ। শুধু কয়লা আর কয়লা। লোহার আলমারি গলে মিশে গেছে দেয়ালের সঙ্গে। দেয়াল থেকে খুলে পড়েছে পলেস্তারা। মনে হয়, এখনই ভেঙে পড়বে মাথার ওপর।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় দাপ্তরিক কাজে ছিলেন রাজশাহী শহরে। ফোনে বললেন, ‘ভালো করে দেখেন কী অবস্থা। তাণ্ডবে ধ্বংস হয়ে যায় সবকিছু। উপজেলা পরিষদের ১৬টি দপ্তরে এক টুকরা কাগজের নথিও অবশিষ্ট ছিল না। একতলা ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এ কারণে এটি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে। ভেঙে ফেলার জন্য জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়েছে।’

এ ভবনে যেসব কার্যালয় ছিল, সেগুলো চলছে কী করে? জানতে চাইলে তিনি বললেন, চলছে আর কই। শিল্পকলা একাডেমী ভবন, লাইব্রেরি, অফিসার্স ক্লাব ও একটি খালি থাকা আবাসিক ভবনই এখন সবার দপ্তর। সেখানেও বেশি লোকের বসার ব্যবস্থা নেই। নেই প্রয়োজনমতো চেয়ার-টেবিল।

পুড়ে যাওয়া নথি কীভাবে উদ্ধার হলো? জানতে চাইলে ইউএনও বলেন, জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সরকারি নথির অনুলিপি থাকে। সেই অনুলিপি থেকে দপ্তরের নথি সংগ্রহ করা হচ্ছে।

তাণ্ডবের বিবরণ দিচ্ছিলেন নন্দীগ্রাম থানার উপপরিদর্শক হাসানুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, ‘৩ মার্চ ভোর পৌনে চারটা হবে। এলাকায় গুজব রটে যে, দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে। গুজব শুনে মানুষ জড়ো হতে থাকে। হাজার হাজার মানুষ। তারা হঠাৎ থানা আক্রমণ করে। চার দফা আক্রমণে পুলিশ টিকতে পারছিল না। পরে আমরা গুলি ছুড়ে জীবন বাঁচাই। এখন মনে হয়, দ্বিতীয় জীবন পেয়েছি।’ তিনি বলেন, এ ঘটনার পর থানায় ১০ জন লোক বাড়ানো হয়েছে। কিন্তু আবার এমন হামলা হলে কী হবে, তা জানা নেই।

 ঘটনার প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তারা পরিষদের ১৬টি দপ্তরের সবগুলোতে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ ওরফে জিন্নাহর কার্যালয় ও বাসা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। ইউএনওর বাসভবনেও হামলা হয়। এ ঘটনায় ১৪ জন মারা যান।

মামলার মূল আসামি জামায়াতের উপজেলা আমির নুরুল ইসলাম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা এসব করিনি। আওয়ামী লীগের দুই দলের কোন্দল ছিল। এরাই এসব করেছে।’

উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ বললেন, এখন দপ্তর কোনোমতে ব্যবহার করা যাচ্ছে। কিছু চেয়ার এনে লোকজনকে বসতে দেওয়া হচ্ছে।

থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, এ ঘটনায় নন্দীগ্রাম থানায় চারটি মামলা করা হয়েছিল। এসব মামলায় ৪০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয় শ লোককে অভিযুক্ত করা হয়। পুলিশ ১৫০ জনকে গ্রেপ্তার করে। তবে এখন প্রায় সবাই জামিনে বেরিয়ে এসেছে।

আসামিদের গ্রেপ্তারের প্রসঙ্গে উপপরিদর্শক আহসানুজ্জামান বলেন, ‘যাকেই ধরতে যাই, তার পকেটেই জামিনের কাগজ। ৯০ শতাংশ আসামি জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।’

আবদুল হাদি নামের এক দোকানি বলেন, এত বড় হামলা হলো কিন্তু আওয়ামী লীগের লোকজন বসে বসে দেখল। তারা লুটপাটে ব্যস্ত। এলাকায় জনবিচ্ছিন্ন। মানুষ তাদের কথা বিশ্বাস করে না। যে কারণে হামলার সময় কেউ সামনে আসেনি।

এ ঘটনায় ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন মন্তব্যের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘জান বাঁচাতে বউ-বাচ্চা নিয়ে পালিয়ে জীবন রক্ষা করেছি। নিজেই বাঁচতে পারি না আর অন্যকে বাঁচাব কী করে!’