বোরো মৌসুম শুরু হতে না-হতেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মোটর চুরির সঙ্গে জড়িত চোর চক্রের উৎপাত বেড়েছে। ওই চক্রের সদস্যরা গত দুই সপ্তাহে ১০ থেকে ১২টি মোটর চুরি করেছে। এই চুরি ঠেকাতে অধিকাংশ মাঠে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা।
গত বৃহস্পতিবার পুলিশ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের শাহআলম, বগুড়া শহরের মালতীনগরের তারেক হোসেন, বগুড়া সদর উপজেলার ছোটধাওয়াকোলা গ্রামের মামুন হোসেন, গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম ও নশিপুর গ্রামের অটোরিকশাচালক জিয়াউর রহমান।
নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী বলেন, এলাকার বিভিন্ন স্কিমে বৈদ্যুতিক মোটর চুরি বেড়েছে। তবে সব ঘটনা থানা পর্যন্ত আসছে না। কেউ চুরির ঘটনা জানালে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে। স্কিম এলাকায় লাঠি-বাঁশি হাতে পাহারার জন্য সেচযন্ত্রের মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়া পাঁচজন বৈদ্যুতিক মোটর ও ট্রান্সফরমার চোর চক্রের সদস্য।
সেচ-সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ৩ মার্চ রাতে উপজেলার মথুরাপুর গ্রামের আলহাজ শহীদুল ইসলামের গভীর নলকূপ স্কিমে হানা দিয়ে দুর্বৃত্তরা দুটি বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায়। বর্তমানে ওই কৃষকের স্কিমে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার ঢাকইর গ্রামের ওসমান আলী ও আকতার হোসেনের স্কিম থেকে দুটি মোটর চুরি হয়। ১৭ ফেব্রুয়ারি রাতে দলগোছা গ্রামের কামাল উদ্দিন ও রশিদুল ইসলামের স্কিমের দুটি মোটর চুরি করে নিয়ে যায় চোরেরা।
সর্বশেষ গত বুধবার রাতে ওই চক্রের দুর্বৃত্তরা উপজেলার বেলঘড়িয়া গ্রামের মাঠে কৃষক ওসমান আলী ও ছলিমুদ্দিন আলীর দুটি স্কিমে হানা দিয়ে বৈদ্যুতিক মোটর খুলে ফেলে। একপর্যায়ে মোটর দুটি সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে ওই পাঁচজনকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা অটোরিকশাটি ভাঙচুর করেন। পরে বৃহস্পতিবার সকালে জনতা তাঁদের পুলিশে সোপর্দ করেন।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার বলেন, দুই সপ্তাহে এলাকার বিভিন্ন স্কিম থেকে ১০-১২টি মোটর চুরি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় ইনডোর গেমসের নামে প্রকাশ্যে জুয়া-হাউজি চালানোর কারণে অপরাধীরা বেপোরোয়া হয়ে পড়েছে। এসব চুরি ঠেকাতে কৃষকেরা রাত জেগে পাহারা দিচ্ছেন।