নন্দীগ্রামে ছাত্রী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদ্রাসাছাত্রী মরিয়ম খাতুনকে (১১) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে সড়ক আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল সোমবার বেলা পৌনে ১২টা থেকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর-তালোড়া সড়কের কিছিবপুর এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
থালতা-মাঝগ্রাম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, মানববন্ধনে এলাকার শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে থালতা-মাঝগ্রাম ইউপির চেয়ারম্যান আফসার আলী এবং থালতা মাঝগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আফছার আলী বক্তব্য দেন। সমাবেশ থেকে বখাটে ফরিদের ফাঁসি দাবি করা হয়। পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে থালতা-মাঝগ্রাম ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম নিজ ঘরে অবস্থান করার সময় ঘরে ঢুকে ফরিদ তাকে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দিয়ে পালায়।