নন্দীগ্রামে জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপজেলা জামায়াতের আমিরসহ ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বিজরুলবাজার এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করতে ওই বাড়িতে জড়ো হয়েছিলেন।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জেলা গোয়েন্দা ও থানা-পুলিশ যৌথ অভিযান চালায় ওই বাড়িটিতে। এই সময় উপজেলা আমির আনোয়ারুল হকসহ জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মী বাড়িটিতে উপস্থিত ছিলেন। তাঁরা সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান। আমরা ১৬ জনকে আটক করেছি।’