নন্দীগ্রামে জুয়ার প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক সপ্তাহ ধরে ‘ইনডোর গেমস’-এর নামে চলা জুয়া ও হাউজি বন্ধের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকার লোকজন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বেলা ১১টায় এই মানববন্ধন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ, পৌরসভার মেয়র সুশান্ত কুমার, ইউপি চেয়ারম্যান আবদুল বারী, উপজেলা বিএনপির সভাপতি এ কে আজাদ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল করিম, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, জালাল উদ্দিন, আবু সাঈদ, সিহাব-উন-নবী, পৌর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ বলেন, ইনডোর গেমসের নামে এলাকায় মাইকিং করে জুয়া, হাউজি ও লটারি চালানোর কারণে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। এর কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। বক্তারা অভিযোগ করেন, ইনডোর গেমস চালানোর অনুমতি নিয়ে এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়ে জুয়া, হাউজি ও লটারি চালাচ্ছেন নন্দীগ্রামের আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, আদালতের অনুমতি নিয়েই এখানে মাইকিং করে হাউজি চালানো হচ্ছে। হাউজির বাইরে কোনো প্রকার জুয়া বা লটারি চালানো হচ্ছে না।
নন্দীগ্রাম থানার ওসি শাহাজাহান আলী বলেন, আদালতের অনুমতি নিয়ে আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম হাউজি চালাচ্ছেন। পুলিশের কিছু করার নেই।