নন্দীগ্রামে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপিদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের লাগাতার হুমকি, ভয়ভীতি প্রদর্শন, প্রচারকাজে বাধা প্রদান, ভোটারদের বিভ্রান্ত করে আসছেন। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি নির্বাচন বয়কট করে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে গোলাম রব্বানীর অভিযোগ নাকচ করেছেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী। তিনি প্রথম আলোকে বলেন, রব্বানী ধানের শীষের প্রার্থী হলেও বিএনপির কোনো নেতা-কর্মী তাঁর পাশে নেই। বিএনপির নেতারা কাজ করছেন অন্য প্রার্থীর পক্ষে। ফলে প্রথম থেকেই কর্মীর অভাবে গোলাম রব্বানী প্রচারণায় নামতে পারেননি। এখন তিনি নিজের পরাজয় দেখে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।