নন্দীগ্রামে মমতাজপন্থীদের নিয়ে কমিটি, তবু বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মাসেও বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর কারণ হিসেবে কমিটির সভাপতি ও সম্পাদকের দ্বন্দ্ব-সমন্বয়হীনতাকে দায়ী করছেন তৃণমূলের নেতারা। কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দিয়েছে।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বলেন, জেলা কমিটির নেতাদের কারণেই এত দিনে কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি।
দলীয় সূত্র ও নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বিরোধিতা করায় আগের কমিটির নেতা-কর্মীদের বাদ দিয়ে ২০১২ সালের মাঝামাঝি মমতাজপন্থীদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক করা হয় মমতাজ উদ্দিনের আস্থাভাজন হিসেবে পরিচিত জাহেদুর রহমানকে। এরপর একই বছরের ১৫ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি হন জাহেদুর রহমান। মমতাজ উদ্দিনের আশীর্বাদ নিয়ে দলে সদ্য যোগদান করেই সাধারণ সম্পাদকের পদ পান আনিছুর রহমান। কিন্ত কয়েক মাস যেতে না-যেতেই মমতাজের আস্থাভাজন এই দুই নেতার মধ্যে বিরোধ দেখা দেয়। দুজনই নিজেদের পছন্দের নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটির জন্য খসড়া তালিকা তৈরি করেন। দলে নতুন এসেও মমতাজের কাছে আনিছুর বেশি প্রাধান্য পেতে থাকেন। এ কারণে কোণঠাসা হয়ে পড়েন জাহেদুর।
নেতা-কর্মীরা বলেন, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের আগে জাহেদুর ও আনিছুরের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। দুই নেতাই উপজেলা নির্বাচনে মমতাজ উদ্দিনের কাছে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান। মমতাজ উদ্দিন আনিছুরকে সমর্থন দেন। নির্বাচনে আনিছুর বড় ব্যবধানে জামায়াত-সমর্থিত প্রার্থীর কাছে হেরে যান।
তৃণমূলের নেতারা বলেন, দুই নেতার বিরোধে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বলেন, দলে উড়ে এসে জুড়ে বসা নেতাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দলের প্রতি তাঁর কোনো দরদ নেই। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডে দল বিব্রত। তিনি এখন তাঁর মতো লোকজনকে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করতে চান। জেলার নেতারাও তাঁকে সমর্থন দিয়ে সবকিছুতে খবরদারি করছেন।
সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, সভাপতির সঙ্গে সামান্য মনোমালিন্য থাকলেও তাঁরা খুব দ্রুত সময়ের মধ্যেই কমিটি পূর্ণাঙ্গ করবেন। এ ব্যাপারে মমতাজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন। এ কারণেই কমিটি হচ্ছে না।