নন্দীগ্রামে মানুষের নির্মমতার শিকার খেতের ফসল
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া মাঠের পাঁচ বিঘা জমির বেগুন ও মরিচখেতের গাছ গত মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা কেটে ও উপড়ে নষ্ট করে ফেলেছে। ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষক হলেন চাপিলাপাড়া গ্রামের আজিবর রহমান, রফিকুল ইসলাম, আবদুল আলিম, মামুনুর রশিদ ও আবদুল গণি।
এলাকাবাসী জানান, চাপিলাপাড়া মাঠে প্রায় পাঁচ বিঘা জমিতে ওই পাঁচ কৃষক হাইব্রিড জাতের মরিচ ও বেগুন চাষ করেছিলেন। প্রচুর ফলন হয়েছিল গাছগুলোতে। দু-এক দিনের মধ্যে খেত থেকে সবজি তোলা শুরু করার পরিকল্পনা করছিলেন তাঁরা। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা খেতের গাছগুলো উপড়ে ও কেটে তছনছ করে দেয়।
ক্ষতিগ্রস্ত আজিবর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে যদি কারও শত্রুতা থেকেই থাকে তবে তারা আমাদের ওপর শোধ নিতে পারত। গাছগুলো কী দোষ করেছিল? আমাদের কাছে খেতের ফসল হলো সন্তানের মতো। গাছগুলো কেটে এভাবে প্রতিশোধ নেওয়া অমানুষের কাজ।’
আবদুল আলিম বলেন, ‘অনেক কষ্টে খেত করেছিলাম। গাছগুলো কেটে আমাকে নিঃস্ব করে দিছে।’ এ ঘটনায় তাঁর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবদুল আলিম।
চাপিলাপাড়ার আবদুল গাফফার নামের একজন কৃষক জানান, কিছুদিন আগে একইভাবে তাঁরও দুই বিঘার আম ও কাঁঠালের বাগানে হানা দিয়ে দুর্বৃত্তরা তছনছ করে। এ বিষয়ে থানায় মামলা করেও তিনি কোনো প্রতিকার পাননি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘ঘটনাটা লোকমুখে শুনেছি। আগের ঘটনাটাও শুনেছি। তবে আমি এখানে কিছুদিন আগে আসায় বিস্তারিত অবগত নই। এসব ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’