নন্দীগ্রামে সেই আ.লীগ নেতাকে ধরছে না পুলিশ
বগুড়ার নন্দীগ্রামে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করা সেই আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ তাঁদের ধরছে না।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন, এমন অভিযোগ সত্য নয়। ওই মামলার আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু গা ঢাকা দেওয়ায় অভিযান সফল হচ্ছে না।
মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল ইসলামের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। গ্রেপ্তারের দাবিতে উপজেলার সব শিক্ষকের পক্ষ থেকে আন্দোলন হয়েছে। কিন্তু ১৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো হামলাকারীদের ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না।
গত ১৬ এপ্রিল বিদ্যালয়ের দাপ্তরিক কাজে ভাটরা ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে যাওয়ার পথে রাশেদুল হামলার শিকার হন। বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আওয়ামী লীগের এক নেতাকে না রাখায় ক্ষিপ্ত হয়ে ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, তাঁর ভাতিজা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মেহেদী ওরফে মৃদুল এবং দুই সহযোগী আবদুর রউফ ও আবদুল মজিদ রাশেদুলের ওপর হামলা চালান। এ সময় তাঁরা হাতুড়ি দিয়ে রাশেদুলের হাত-পা ভেঙে দেন ও ঊরুতে ছুরিকাঘাত করেন। পরে রাশেদুলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় রাশেদুলের ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে রাজিবুলসহ হামলাকারীদের বিরুদ্ধে ১৭ এপ্রিল মামলা করেন।
খায়রুল ইসলাম বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁর ভাই চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও ভয় পাচ্ছেন। নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, তদন্তে হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।
এ ব্যাপারে বক্তব্য জানতে মিলন মেহেদীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।