নন্দীপাড়া ও আশপাশের এলাকায় গ্যাস বিল দেওয়ার ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সারা জীবনের সঞ্চয় দিয়ে রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা নন্দীপাড়ায় একটি ফ্ল্যাট কিনেছেন। তাঁর কেনা ফ্ল্যাটে বৈধ গ্যাসলাইনও রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, গ্যাসের বিল জমা দেওয়া যায় এমন কোনো ব্যাংকের শাখা পাচ্ছেন না এলাকায়। 

গ্যাস বিল দেওয়া নিয়ে আনোয়ার হোসেনের মতো এমন অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছেন পূর্বাঞ্চলীয় এলাকা মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণগাঁও, কুসুমবাগ ও মানিকদিয়া এলাকার হাজার হাজার গ্রাহক। বিদ্যুৎ ও পানির বিল দেওয়ার জন্য নন্দীপাড়ায় বেসরকারি ব্যাংক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু গ্যাস বিল নেওয়ার বিষয়ে ব্যাংকের ওই শাখাকে অনুমোদন দেওয়া হয়নি। তবে গ্যাস বিল নেওয়া হবে—এই আশায় এলাকার অনেক বয়স্ক বাসিন্দাও দীর্ঘ সময় এখানে লাইনে দাঁড়িয়ে থাকেন।

গতকাল সোমবার স্থানীয় বাসিন্দারা প্রথম আলোর প্রতিবেদকের কাছে তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। বিষয়টি তাঁরা তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে জানিয়েছেনও। অনুলিপি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর, কিন্তু কোনো কাজ হচ্ছে না।

এলাকার জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, আবুল হোসেন, মহসীন মোল্লাসহ কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের এলাকায় গ্যাস বিল দেওয়ার ব্যবস্থা না থাকায় বিল দিতে যেতে হয় খিলগাঁও কিংবা বনশ্রীতে। এতে অতিরিক্ত যাতায়াত খরচ তো লাগেই, উপরন্তু ভোগান্তিতে পড়তে হয়, সময়ও যায় অনেক।

দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সোহরাওয়ার্দী বলেন, এলাকার নির্ধারিত ব্যাংকটিতে বিদ্যুৎ ও পানির বিল দেওয়ার ব্যবস্থা আছে। লোকজনের ভোগান্তি কমাতে সেখানে গ্যাস বিল নেওয়ার ব্যবস্থা রাখা উচিত। অথবা অন্য কোনো ব্যাংকে এই সুবিধার ব্যবস্থা করা প্রয়োজন।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, এ বিষয়ে এলাকাবাসীর দেওয়া আবেদনপত্র তাঁরা পেয়েছেন। তবে ১১টি ব্যাংকের মাধ্যমে অনলাইনে গ্যাস বিল দেওয়ার ব্যবস্থা চালু আছে। ওই এলাকায় সেই ব্যবস্থা রয়েছে কি না, দেখা হচ্ছে।

নন্দীপাড়া বাজার এলাকায় কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে। কিন্তু গ্যাস বিল গ্রহণ করা হয় না। নন্দীপাড়ার বটতলা ও নূর মসজিদ এলাকায় বাংলালিংকের ছোট দুটি কাউন্টার রয়েছে, যেখানে গ্যাস বিল দেওয়া যায়। কিন্তু এলাকাবাসী এভাবে বিল দিতে স্বস্তিবোধ করেন না বলে জানান।