প্রথম প্রথম যখন আমরা বটমূলে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি নিতাম, তখন কত রকমের ভাবনা যে মাথায় আনাগোনা করত! নিমন্ত্রণপত্র নিয়ে ছিল এক ভাবনা। হাতে হাতে লিখে–এঁকে অল্প কিছু নিমন্ত্রণপত্র তৈরি করা হতো।
একবার ছাত্র ইউনিয়ন কিংবা সংস্কৃতি সংসদের একটা নিমন্ত্রণপত্র দেখেছিলাম, একটি অশ্বত্থ পাতার শিরা–উপশিরার জাল এঁটে দেওয়া হয়েছিল বাঁ ধারের ফাঁকা পৃষ্ঠায়। চোখে লেগেছিল খুব। সেবার অনেকগুলো কার্ডে ওই রকম অশ্বত্থ পাতার কঙ্কাল এঁটে নববর্ষের আমন্ত্রণলিপি তৈরি হলো। আর্ট কলেজের ছেলেরাই ডিজাইন করছে, আবার তাতে লিখছে। অনেক রাত পর্যন্ত দেখে দেখে ক্লান্ত হয়ে ঘুমাতে যেতাম। বছরের পর বছর ছায়ানটের অনুষ্ঠানের যাবতীয় সাজসজ্জার দায়িত্ব নিয়েছে আর্ট কলেজের ছেলে-মেয়েরা।
এর বহু বহু আগে থেকেই চলত গানের মহড়া। তারও আগে গানের নির্বাচন। নতুন দিনে মনের আবরণ সরিয়ে বিকশিত হয়ে উঠবার আবেগটাই সেসব দিনে জাগত বেশি। পাকিস্তান আমলের কথা। ‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও/আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও’ গান দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করতে ভালো লাগত। সেই সকাল সাড়ে ছয়টায়। কোনোবার আলো ফুটত, কোনোবার মেঘের আড়াল থেকে ফুটি ফুটি করত। আর একখানি গান জাহিদুর রহিম একক কণ্ঠে গেয়েছে একাধিকবার—‘নব আনন্দে জাগো আজি নবরবি–কিরণে/শুভ্র সুন্দর প্রীতি–উজ্জ্বল নির্মল জীবনে’। পরে আমরা সম্মেলক কণ্ঠেও এ গান গেয়েছি কতবার!
জাহিদের কণ্ঠের আর একখানি গান ছিল, ‘হে চির নূতন, আজি এ দিনের প্রথম গানে/জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে’। আলোকোজ্জ্বল প্রভাতে নতুন নির্মল জীবনে প্রবেশের আকাঙ্ক্ষা।
‘এসো হে বৈশাখ’ গানটিতেও বছরের আবর্জনা দূরে ফেলবার কথা, অগ্নিস্নানে শুচি হওয়ার কথা, জরা ঘুচাবার কথা ছিল। কিন্তু বহুব্যবহৃত এই গান আমরা এড়িয়ে যেতাম। আমরা কম পরিচিত গানের কথা থেকেই অধিক প্রেরণা আহরণ করতাম।
পয়লা বৈশাখ প্রসঙ্গে বেশি নজরুলগীতি পাওয়া কঠিন হলেও খুঁজে খুঁজে গান বের করার কসুর ছিল না। বিশেষ করে স্বাধীনতার পর অঞ্জলি রায় যখন আমাদের সঙ্গে এসে যোগ দিলেন, তখন সব অনুষ্ঠানের জন্যই নজরুলগীতির সংগ্রহ প্রভূত পরিমাণে বেড়ে গেল। সোহরাব ভাই করিয়েছিলেন ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম/মোরা ঝরনার মতো চঞ্চল/মোরা বিধাতার মতো নির্ভয়/মোরা প্রকৃতির মতো সচ্ছল’। খানিকটা সোহরাব ভাইয়ের সহায়তায়, খানিকটা স্বরলিপি পড়ে তোলা হয়েছিল ‘শুভ্র সমুজ্জ্বল, হে চিরনির্মল/শান্ত অচঞ্চল ধ্রুবজ্যোতি’ আর ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’।
লুৎফর ভাই করিয়েছিলেন দেশবন্দনা আর দেশপ্রেমের গান—‘এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লীজননী’, ‘শ্যামলাবরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয়’। শাহীন আক্তারকে দিয়ে তাঁর গাওয়ানো গান ‘ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি’। ‘শুভ্র সমুজ্জ্বল’ গানখানির মতো আত্মোন্নতি আর আত্মনির্মাণের ধীরগতি প্রার্থনার গান ‘দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ, দাও প্রাণ’ শিখিয়েছিলেন লুৎফর ভাই। আর তাঁর ‘তোরা সব জয়ধ্বনি কর’ তো ছিলই।
অঞ্জলিদি এসে শেখালেন ‘নবীন আশা জাগল যে রে আজ/নতুন রঙে রাঙা তোদের সাজ’। এককালের রবীন্দ্রসংগীত গায়িকা, পরবর্তীকালের নজরুলগীতিশিল্পী অঞ্জলি রায়ের সঙ্গে মিলে আমরা রবীন্দ্র–নজরুলের গানের একটি জোড় তৈরি করলাম। রবীন্দ্রনাথের ‘জয় হোক, জয় হোক নব অরুণোদয়’–এর সঙ্গে মিলিয়ে দিলাম নজরুলের ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক’। পরপর দুটি গান চমৎকার মিলে গিয়েছিল।
অতুল প্রসাদের ‘সবারে বাস্ রে ভালো/নইলে মনের কালো ঘুচবে না রে’ আর রজনীকান্তের ‘তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে’ নববর্ষের প্রভাতের শান্ত–সুন্দর দুটি গান। অতুলপ্রসাদের কর্মোদ্দীপনার গান ‘আপন কাজে অচল হলে চলবে না রে, চলবে না/অলস স্তুতিগানে তাঁর আসন টলবে না রে, টলবে না’—সুর–বাণীতে পয়লা বৈশাখের অত্যন্ত উপযোগী গান হিসেবে স্বীকৃত হয়েছে।
প্রফুল্লকুমার দাসের করা স্বরলিপি দেখে সত্যেন্দ্রনাথ দত্তের ‘কোন দেশেতে তরুলতা/সকল দেশের চাইতে শ্যামল’ গানটাও দেশপ্রেমের গান হিসেবে গাওয়া হয়েছে পয়লা বৈশাখে। গাওয়া হয়েছে দ্বিজেন্দ্রলালের অসামান্য সৃষ্টি ‘ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’।
আমরা গণজাগরণের গান করি। যেসব গানে বাঙালিয়ানা আছে, সেগুলো নিই। নিজেদের প্রয়োজনেই এসেছে নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্ত, গুরুসদয় দত্তের গান। সলিল চৌধুরীর গানও আসে।
আমরা সেসব জিনিসই নিই, যার মধ্যে মৌলিক বাঙালিত্ব থাকে। বাঙালিত্ব হারিয়ে গেলে আর কী থাকে আমাদের? বিশ্বায়ন তো হবেই। কিন্তু আগে তুমি বাঙালি, তারপর বিশ্বের। ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ।’
ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে আমরা সব সময় প্রাসঙ্গিক থাকতে চেয়েছি। যখন যা পরিস্থিতি ছিল, সেই বিষয় ধরেই আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা করা হতো। গান বাছাই হতো সেভাবেই। এখনো আমরা সেটা করি পয়লা বৈশাখে। আমাদের এবারের থিম ‘নব আনন্দে জাগো’।
দেশের দুর্গতির দিনে আমাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে কিছু দেশাত্মবোধক গান। এগুলোর বেশির ভাগই রবীন্দ্রসংগীত। বাংলাদেশের নানা দুর্যোগে রবীন্দ্রনাথের গান থেকে আমরা শক্তি, সাহস আর সান্ত্বনা সংগ্রহ করতে পেরেছি।
করোনাভাইরাসের অতিমারির সময়টা সারা বিশ্বের মানুষের পাশাপাশি আমাদের জন্যও বিরাট দুর্গতির ছিল। একের পর এক এত মানুষ চলে গেলেন। খুব খারাপ হয়ে ছিল মনটা। সেসব পার হয়ে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এই নববর্ষের তাই একটা নতুন আবেদন আছে। মৃত্যু–জরা–ক্ষয় পার হয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য এই নববর্ষে আমরা নতুন করে শপথ নেব। নতুন আনন্দে আমরা জেগে উঠব। নিজেদের শক্তির উদ্বোধন ঘটিয়ে আমরা সামনে পা বাড়াব।
সন্জীদা খাতুন, ছায়ানটের সভাপতি, লেখক ও গবেষক