নব আনন্দে মাতল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে নগরবাসী। জামালখানের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছোটদের জন্য ছিল বিশেষ আয়োজন—‘এসো মাতি নব আনন্দে’। পুরো দিন সাংস্কৃতিক নানা আয়োজনে মেতে ছিল শিশু-কিশোরেরা। অনুষ্ঠানের ফাঁকে সেলফি তোলায় ব্যস্ত একদল কিশোরী। ছবিটি বেলা ১১টায় তোলা l সৌরভ দাশ
নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে নগরবাসী। জামালখানের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছোটদের জন্য ছিল বিশেষ আয়োজন—‘এসো মাতি নব আনন্দে’। পুরো দিন সাংস্কৃতিক নানা আয়োজনে মেতে ছিল শিশু-কিশোরেরা। অনুষ্ঠানের ফাঁকে সেলফি তোলায় ব্যস্ত একদল কিশোরী। ছবিটি বেলা ১১টায় তোলা l সৌরভ দাশ

কখনো শিশুদের দলীয় নাচ, কখনো আবার গান-আবৃত্তি। বাদ যায়নি নাটিকাও। আর খেলাধুলা তো ছিলই। বড়দের পাশাপাশি চট্টগ্রাম নগরে এবারও ছোটদের জন্য ছিল নববর্ষের নানা আয়োজন।
গত শুক্রবার নববর্ষ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান ছিল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। ‘এসো মাতি নব আনন্দে’ শীর্ষক এই অনুষ্ঠান শিশু–কিশোরদের পদচারণে মুখর ছিল। এ ছাড়া শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলার আয়োজন করে। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হয় শুক্রবার বিকেলে। এখানে নানা অনুষ্ঠানমালার পাশাপাশি ছিল ছোটদের জন্য খেলাধুলার আয়োজন।

ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী অনুষ্ঠানে নাচ পরিবেশন করে এক খুদে শিল্পী l প্রথম আলো
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী অনুষ্ঠানে নাচ পরিবেশন করে এক খুদে শিল্পী l প্রথম আলো

খাস্তগীর উচ্চবিদ্যালয়ে বর্ষবরণের আয়োজন করে ছোটদের সাংস্কৃতিক জগৎ শিশুমেলা। সকাল আটটায় সমবেত সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এখানে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে ইমন কল্যাণ সংগীত, সুরাঙ্গন, সংগীতালয়, সুরাঙ্গন বিদ্যাপীঠ, গুরুকূল সংগীত একাডেমি, চারুতা নৃত্যকলা, নটরাজ, সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়, নৃত্যাঙ্গন একাডেমি, শিল্পাঙ্গন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী ও মৈত্রী খেলাঘর আসর।
এসবের পাশাপাশি মুগ্ধ করেছে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টার পরিবেশনা। নাচ-গান আর আবৃত্তিতে জমজমাট পরিবেশনা ছিল এটি। এ ছাড়া মঞ্চে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন ও শব্দরূপ বাচিক পাঠশালা।
দুপুরের বিরতিতে অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে একক সংগীত পরিবেশন করেন প্রমা অবন্তী বিশ্বাস, উৎস বিশ্বাস, ধ্রুব দে, স্বর্ণময়ী সিকদার, শর্মিষ্ঠা দেবী, জলি মুখার্জি প্রমুখ। একক নৃত্য পরিবেশন করেন সুস্মিতা মহাজন। বিমল বাউলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। তাঁর ‘জাত গেল জাত গেল’, ‘মিলন হবে কত দিনে’ গানের সঙ্গে নেচেছে শিশু-কিশোরেরা।
অনুষ্ঠানের ফাঁকে আয়োজক কমিটির চেয়ারম্যান জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, আয়োজক কমিটির আহ্বায়ক রত্নাকর দাশ, সদস্যসচিব রুবেল দাশ ও সমন্বয়ক মিজানুর রহমান মঞ্চে ওঠে শুভেচ্ছা জানান।
রুবেল দাশ প্রথম আলোকে বলেন, শিশুমেলা এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছোটদের বর্ষবরণের আয়োজন করল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এদিকে ফুলকি প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনের বৈশাখী মেলায় প্রতিদিনই ভিড় করেছে বিভিন্ন বয়সী শিশুরা। গত বুধবার মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। উদ্বোধনী দিন থেকেই ফুলকি পরিচালিত সোনার তরীর শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, নাটিকা ও আবৃত্তি পরিবেশন করে।
তবে শিশুরা বেশি আনন্দ পায় প্রতিদিনের নানা রকম খেলাধুলায়। ঝুড়িতে বল ফেলা, বোতাম মেলানোসহ নানা খেলায় অংশ নিয়ে শিশুরা জিতে নিয়েছে পুরস্কার। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌরভ বড়ুয়া বলে, ‘আমাদের স্কুলের বৈশাখী মেলা আমার কাছে খুব ভালো লাগে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানা ধরনের খেলার আয়োজন থাকে।’ একই কথা বলে পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থী মুশফিকুর রহমান।
এই আয়োজন সম্পর্কে ফুলকির সম্পাদক এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে আমরা প্রতিবার এই আয়োজন করি। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাংস্কৃতিক আন্দোলন দরকার।’