নবগঙ্গা গ্রাস করছে ঘরবাড়ি, বাজার
‘রাত তখন আটটা হবে। শোঁ শোঁ শব্দ। চোখের সামনে বসতঘরসহ সব মালামাল মুহূর্তের মধ্যে নদীতে চলে গেল। আমি এখন নিঃস্ব।’ গত সোমবার রাতে বসতবাড়ি নবগঙ্গা নদীতে বিলীন হওয়ার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া নৌবন্দর বাজার এলাকার মানিক রায়ের স্ত্রী মিনতি রায় (৪৫)।গত এক মাসের ব্যবধানে বড়দিয়া ও মহাজন নৌবন্দর বাজারের আশপাশের এলাকার করুণাময় দাস, সঞ্জয় দাস, বিধান দাস, যতীন্দ্রনাথ বৈদ্য, শান্তি সাহা, হরিপদ দাস, সঞ্জিত দাস, নারাণ দাসের বাড়িসহ ৪১টি বসতবাড়ি নবগঙ্গা নদী গ্রাস করে নিয়েছে।নদীতে বিলীন হয়ে গেছে ওই বাজারের দোকানপাট, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বড়দিয়া ও মহাজন নৌবন্দর বাজারসহ দুই শতাধিক বসতবাড়ি। অথচ মহাজন বাজারসংলগ্ন ভাঙন প্রতিরোধে ২২ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। গত জুনে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মহাজন গ্রামের প্রমীলা রাণী (৫০) বলেন, ‘ঘর থেকে একটি থালাও বের করতে পারিনি।’ শান্তি সাহা (৪৮) বলেন, ‘ঘরবাড়ি তো পরের কথা। প্রতিবেশীরা সতর্ক না করলে আমরা নিজেরাই নদীতে ডুবে মরছিলাম।’ মহাজন-ঘসিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা জানায়, তার বইখাতা, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল নদীগর্ভে চলে গেছে।অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্পের টাকা হালাল করতে প্রতিবছর বর্ষার তীব্রতা বাড়লে নদীভাঙন প্রতিরোধে ব্যর্থ চেষ্টা করে, যার জন্য বরাদ্দের টাকা শুধু লুটপাটই হয়। ভাঙন প্রতিরোধে প্রায় ২২ কোটি টাকার কাজ না হওয়ার কথা স্বীকার করে নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী প্রথম আলোকে জানান, কিছু ব্লক তৈরি করে নদীর পাড়ে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী বলেন, দরপত্র ও কার্যাদেশ দিতে সময় লাগে বলে কাজ করতে বর্ষা মৌসুম এসে যায়।