ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম ও কাউন্সিলররা গতকাল মঙ্গলবার পৌরবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। এতে অংশগ্রহণকারী নাগরিকেরা নবগঙ্গা নদী রক্ষায় পৌরসভার কার্যকর পদক্ষেপসহ নানা দাবি জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় পৌর শহরের কে ইউ আহমেদ হল নামের একটি কমিউনিটি সেন্টারে ‘জনগণের মুখোমুখি পৌর পরিষদ’ শীর্ষক ওই মতবিনিময় অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি আবু তাহের। সনাক ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে।
অনুষ্ঠানে পৌরবাসী জেন্ডার সংবেদনশীল গণশৌচাগার নির্মাণ ও ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ পানি, রাস্তাঘাট, নর্দমা, পরিচ্ছন্ন শহর, মাদক নিয়ন্ত্রণ ও ওয়ার্ড সভা অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পৌর কর্তৃপক্ষ আরাপপুর মাস্টারপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া ও ভুটিয়ারগাতী জোয়ার্দারপাড়া সড়ক নির্মাণ, এস কে সড়ক সংস্কারসহ শহরের বিভিন্ন স্থানে থাকা পৌরসভার তথ্য বোর্ডগুলো থেকে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের প্রতিশ্রুতি দেয়।
অনুষ্ঠানস্থলে বিকেলে দুর্নীতিবিরোধী ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে সন্ধ্যায় অনুষ্ঠানে তিন শতাধিক পৌর নাগরিক উপস্থিত ছিলেন।