নবগঙ্গার তীরে ট্রলার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকায় নবগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে ট্রলার তৈরির কারখানা (ডকইয়ার্ড)। বছরে এখানে ছোট-বড় ১৫-১৬টি ট্রলার তৈরি করা হচ্ছে। এ ছাড়া নদীতীরবর্তী দেয়াডাংগা, বিষ্ণুপুর ও বড়দিয়া নৌবন্দরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আরও কয়েকটি ট্রলার তৈরির কারখানা।
এলাকাবাসী ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিজ্ঞ কারিগর এবং খরচ কম হওয়ায় নড়াইলসহ সাতক্ষীরা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে অনেকে এখানে নতুন ট্রলার তৈরি ও মেরামত করতে আসেন। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে এখানে কাজ করা হয়।
গত ১৫ জুলাই সরেজমিনে দেখা যায়, নোয়াগ্রাম বাজারসংলগ্ন নবগঙ্গা নদীর তীরে তৈরি হচ্ছে ট্রলার। প্রায় তিন শ শ্রমিক কারখানায় কাজ করছেন। তাঁরা প্লেট কাটা, সমান ও বাঁকা করা এবং ঝালাইয়ের কাজে মগ্ন।
ঝালাইমিস্ত্রি মামুন মোল্লা বলেন, লোডশেডিং না থাকলে একটি নতুন ট্রলার তৈরি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। লোডশেডিংয়ের কারণে সেখানে এক-দেড় মাস সময় লেগে যায়।
কুষ্টিয়ার খোকসা উপজেলার কুমারভোগ গ্রামের মতিন বিশ্বাস এসেছেন একটি নতুন ট্রলার তৈরি করতে। তিনি বলেন, ৫৬ ফুট লম্বা এবং ১৩ ফুট চওড়া একটি ট্রলার তৈরি করতে এখানে ১২ লাখ টাকা লাগছে।
শ্রমিকনেতা সাত্তার শেখ বলেন, এখানে নতুন ট্রলার তৈরি, কার্গোর বডি মেরামত, রং করাসহ নানা ধরনের কাজ করা হয়ে থাকে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে কাজ করতে হয়। সরকার এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও এর উন্নয়নে পদক্ষেপ নিলে তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ট্রলার মালিক শমসের মণ্ডল বলেন, হাতের নাগালে ডকইয়ার্ড হওয়ায় খরচ ও ভোগান্তি কমেছে। এ জন্য আগে খুলনায় যেতে হতো। এতে খরচ বেশি ও ভোগান্তিতেও পড়তে হতো।
ডকইয়ার্ডের মালিক মোহাম্মদ শিপুল মোল্লা বলেন, ‘১০ বছর আগে খুলনায় ডকইয়ার্ডে কাজ করেছি। সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের এলাকায় এখন কারখানা তৈরি করছি। এখান থেকে কাজ শিখে অনেকেই কারখানা তৈরি করেছেন। কারখানা পরিচালনায় লোডশেডিং এবং নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কারখানা চালু রাখা হয়েছে।’ তিনি নদীভাঙন রোধ ও লোডশেডিং বন্ধে সরকারের দৃষ্টি কামনা করেন।