নবগঙ্গার বরাদ্দ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঙ্গা নদীতে অবৈধ দখল ও বরাদ্দ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নদী ও বিল বাঁচাও আন্দোলন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।এ সময় কমিটির সাধারণ সম্পাদক এস এ মতিন, অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, কাজী হাফিজ প্রমুখ বক্তৃতা করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদীর লোহাগড়া অংশের উত্তর পাশে লোহাগড়া মৌজার ১৩২৮ দাগের লোহাগড়া প্রেসক্লাব ভবন। তার দক্ষিণ-পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা সংসদকে পাঁচ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তারা ১৫ শতক জমিতে বালু ফেলে ভরাট করেছে। পাশে বেগম আলেয়া সোশ্যাল ওয়েলফেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে ১০ শতক জমি বরাদ্দের সুপারিশ করে গত বৃহস্পতিবার অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবর নথি পাঠানো হয়েছে। জয়পুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম মওলা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নদী শিকস্তি জমির মধ্যে ২০ শতকের শ্রেণী পরিবর্তন করে বরাদ্দ দেওয়া হয়েছে। নদীর ভেতর পৌরসভার দখল উচ্ছেদের জন্য তিন দিনের সময় দিয়ে গত ২২ মে নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে, নবগঙ্গা নদীর এই অংশ সিএস রেকর্ডে ছাতরার খাল হিসেবে ছিল। খালের পানি নদীতে পতিত হওয়ার জায়গাটি ত্রিমোহনী হিসেবে পরিচিতি পায়। বর্তমানে নদী শিকস্তি হিসেবে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। নদী শিকস্তি জমি বরাদ্দ দেওয়া যায় না, তাই প্রশাসন প্রথমে এই জমির শ্রেণী পরিবর্তন করে কাগজে-কলমে ডাঙা জমিতে রূপান্তর করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দখলদার প্রতিষ্ঠান দিয়ে বালু বা মাটি ফেলা হয়। পরে দেওয়া হয় লিখিত বরাদ্দ। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের খন্দকার আজিজুল হক মনি বলেন, জায়গাগুলো যেভাবে বরাদ্দ ও দখল হচ্ছে, তাতে নবগঙ্গা নদীটি সংকুচিত হয়ে পড়ছে। নদী ভরাট করে নদীর প্রকৃতি পরিবর্তন করার অশুভ মিশন বন্ধ করতে হবে। নদী বাঁচাও আন্দোলনের নড়াইল জেলার সাধারণ সম্পাদক এস এ মতিন বলেন, পৌরসভা ভবন নির্মাণের নামে দখলে নেওয়া আর সরকারি বরাদ্দের নামে বৈধতা দেওয়া, যে নামেই হোক না কেন, তা নদী দখলই। পৌরসভার মেয়র নেওয়াজ আহমেঞ্চদ ঠাকুর বলেন, এখানে পৌরভবন নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি রয়েছে। তা ছাড়া জায়গাটি জাল দলিলকারীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা আছে। তাই বাঁশ পুঁতে দখলে নেওয়া হয়েছে। বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, ওই জায়গা পৌরভবনের জন্য উপযুক্ত স্থান বলে ইউএনও জানিয়েছেন। বরাদ্দ না নিয়ে নির্মাণকাজ করা যাবে না। সরেজমিন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।