নবগঙ্গার ভাঙনে বাজার-গ্রাম হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঙ্গা নদীর ভাঙন বেড়ে যাওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার মহাজন বাজারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বাজারের বেশ কিছু অংশ নদীগর্ভে চলে গেছে। এ বাজারের মতো উপজেলার ঘোষিবাড়িয়া, গন্ধবাড়িয়া, ইসলামপুর, তেলিডাঙ্গা, নাওরা, বাহিরডাঙ্গা, বড় কালিয়া, শুক্তগ্রাম, দেবিপুর, বিলবাউচ, পাটনা—এসব গ্রামও নদীভাঙনের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মহাজন বাজার রক্ষা করার জন্য ২০০৮ সালে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার এলাকায় অস্থায়ী নদী তীরবর্তী বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই তা ভাঙনের কবলে পড়ে। তাই ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার জন্য ২০০৯-২০১০ অর্থবছরে ১০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ করা হবে। বর্তমানে ওই কাজের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। গত ৩০ জুলাই সরেজমিনে দেখা গেছে, বাজারের বেশ কয়েকটি দোকানপাট ও বাড়ি-ঘর ভাঙনের কবলে পড়েছে। এ বছর কোনো কাজ হচ্ছে না, এ খবর পেয়ে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে অনেকে ইতিমধ্যে ঘরবাড়ি, দোকানপাট অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। বাজারের ব্যবসায়ী শম্ভুনাথ দাস, শিবনাথ দাস, শাহাজান মিয়া, খোকন সাহা—তাঁরা আগেই তাঁদের দোকানপাট এবং বাজার সংলগ্ন জেলেপাড়ার বাসিন্দা ভোলানাথ বিশ্বাস, দর্শন বিশ্বাস তাঁদের ঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। বাজারের খেয়াঘাটটিও বেশ কয়েকবার সরানো হয়েছে। স্থানীয় মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ভাঙনের কারণে ইতিমধ্যে তাঁর এলাকার প্রায় ২০০ পরিবার ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি হারিয়েছে। অর্থের অভাবে অনেকে ভ্যান চালিয়ে জীবনযাপন করছেন। পাউবোর নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, নবগঙ্গার হাত থেকে মহাজন বাজার রক্ষা করতে হলে স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করতে হবে। এ জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। দুই বছর মেয়াদে ওই কাজ করা হবে। ২০০৯-১০ অর্থবছরে ৮০০ মিটারে জিও টেক্সটাইল ও সিনথেটিক বালুভর্তি ব্যাগসহ সিসি ব্লকের কাজ করা হবে। দুই মাস পরে ওই কাজ শুরু করা হতে পারে।