নবগঙ্গার ভাঙনে ৬০টি ঘর বিলীন, ঝুঁকিতে ১৫০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর তীরবর্তী ১০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এসব গ্রামের ৬০টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। পরিবারগুলো এখন রাস্তার পাশে ঝুপড়ি বানিয়ে দিন যাপন করছে। ঝুঁকিতে রয়েছে দেড় শ পরিবারের ঘরবাড়ি।
এলাকাবাসী জানান, সপ্তাহখানেক ধরে নবগঙ্গায় পানি বাড়ার পাশাপাশি প্রবল স্রোত দেখা দিয়েছে। এতে কালিয়া পৌরসভার বড় কালিয়া, ঘোষনেওয়া, বাগবাড়িয়া ও ব্রিহাচলা গ্রামে ব্যাপকভাবে ভাঙন চলছে। এ ছাড়া পাশের সালামাবাদ ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে।
বাগবাড়িয়া গ্রামের নিত্য বিশ্বাস ও রামকৃষ্ণ ঘোষসহ চারজন বলেন, গত মঙ্গলবার মধ্যরাতে নদীভাঙনের শব্দে তাঁদের ঘুম ভাঙে। এ সময় তড়িঘড়ি করে সবাই পৌরসভার রাস্তার ওপরে চলে আসেন। ঘরের মালামালও সরিয়ে নিতে পারেননি তাঁরা। এ ছাড়া স্থানীয় সর্বজনীন দুর্গা মন্দিরের একাংশও নদীতে বিলীন হয়েছে।
ঘোষনেওয়া গ্রামের প্রাণ ঘোষ ও শংকর ঘোষ বলেন, গত চার দিনে তাঁদের গ্রামের ২৪টি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যাঁদের যাওয়ার কোনো জায়গা নেই, তাঁরা রাস্তার পাশে ঝুপড়ি ঘর তুলে মানবেতর দিন যাপন করছেন।
গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোষনেওয়া, বাগবাড়িয়া, বড়কালিয়া, ব্রিহাচলা গ্রামের প্রায় ১ হাজার ২০০ মিটার এলাকা নতুন করে ভাঙনের কবলে পড়েছে। ওই এলাকায় নদীর বাঁক থাকায় গ্রামগুলোর ওপর প্রচণ্ড স্রোত আছড়ে পড়ছে। এতে বাড়িঘরের পাশাপাশি পৌরসভার পাকা রাস্তাও ভেঙে গেছে। ভাঙনের মুখে রয়েছে প্রায় ১৫০টি পরিবার।
ঘোষনেওয়া গ্রামের সত্য ঘোষের স্ত্রী স্বীকৃতি রানী ঘোষ বলেন, জোয়ারের পানিতে সবকিছু ভিজে গেলেও শ্বশুরের ভিটার মায়া ছেড়ে যেতে মন চাইছে না। তিনি বলেন, ‘আমরা চাল-গম চাই না। সরকার নদী বেঁধে দিক।’
কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান বলেন, নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে গত বছরও পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আবেদন করা হয়। এ বছর নতুন করে যে ১ হাজার ২০০ মিটার ভাঙনের কবলে পড়েছে, তা রোধের ব্যবস্থা নিতেও নতুন করে আবেদন করা হয়েছে।
জানতে চাইলে পাউবোর নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই এলাকার নদীভাঙন রোধে বালুর বস্তা ফেলার জন্য বরাদ্দ পাওয়া গেছে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শিগগির কাজ শুরু করা হবে।