নবগঙ্গায় খেয়া নৌকা ডুবে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার নবগঙ্গা নদীতে খেয়া নৌকা ডুবে একই পরিবারের তিনজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার শ্রীকুণ্ডি গ্রামের বিজিত প্রামাণিক (৭০), নিমাই মণ্ডলের স্ত্রী কাজলী মণ্ডল (৫৫), উত্তম প্রামাণিক (৩৬), নিরাপদ প্রামাণিক (৬৪) এবং তাঁর ছোট ভাই শ্রীকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরজিৎ প্রামাণিক (৫৮) ও নিরাপদ প্রামাণিকের নাতি বাটিকাডাঙ্গা গ্রামের দীপ্ত প্রামাণিক (১৩)।গতকাল শনিবার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শতশত মানুষের ভিড়। নিহতদের বাড়িতে আহাজারি করছেন স্বজনেরা। তাঁদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। খুব সকালে লাশগুলো উদ্ধার করে শ্রীকুণ্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধ করে রাখা হয়েছে।নৌকার মাঝি দুলাল বিশ্বাস জানান, তিনি নবগঙ্গার এপারে শ্রীকুণ্ডি ঘাটে ছিলেন। রাত একটার দিকে পারাপারের জন্য ওপার থেকে ডাকাডাকি করে কিছু লোক। তারা বরই গ্রামে এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। তিনি নৌকা নিয়ে ওপারের ঘাটে ভেড়াতেই হুড়মুড় করে ১৮-২০ জন নৌকায় উঠে পড়ে। ছোট নৌকায় বড়জোর ১০-১২ জন ওঠা যায়। এত মানুষ উঠে পড়ায় নৌকা দুলছিল। এর ওপর ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। নদীর মাঝ বরাবর যাওয়ার পর নৌকা কাত হয়ে ডুবে যায়। এরপর যে যার মতো সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে।ঘটনাস্থলে কর্তব্যরত মাগুরা সদর থানার উপপরিদর্শক শ্যামা প্রসাদ বলেন, ‘ভোর থেকে সকাল আটটা নাগাদ নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার করে হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।’মাগুরার জেলা প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।ইউএনও তবিবুর রহমান বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।