নবগঠিত এলেঙ্গা পৌরসভার নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১২ সালে এলেঙ্গা পৌরসভা গঠিত হয়। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭ হাজার ৩২৮ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ১২টি কেন্দ্রের ৭০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও আটজন করে কনস্টেবল মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের তিনটি ও র‌্যাবের দুটি ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করবে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ২৯ সদস্যের কারিগরি দল এলেঙ্গায় এসেছে। প্রতিটি কেন্দ্রে দুজন করে কারিগরি কর্মী ইভিএম বুথের তদারকির কাজে নিয়োজিত থাকবেন।